২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহ্বায়ক ও জেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি শিমুল হক ওরফে রেহান হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রায় ২৭ ঘণ্টা পর শনিবার রাত ১০টার দিকে শিমুল হকের মা হাজেরা বেওয়া বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় সৈনিক লীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক সবুজ সরকারকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, শিমুল হকের মা হাজেরা বেওয়ার দায়ের করা মামলাটি রাত ১০টার দিকে এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় প্রধান আসামিসহ যে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে আগেই আটক করা হয়েছে। মামলা রেকর্ড হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া শহর কমিটির যুগ্ম আহ্বায়ক সবুজ সওদাগর, তাঁর ভাই সোহান সওদাগর, সৈনিক লীগের কর্মী বিপুল হোসেন, রাহাত রিপন ও বেল্লাল হোসেন।
গত শুক্রবার হত্যাকাণ্ডের পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।
বগুড়া ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান দাবি করেন, আটকের পরপরই সবুজ সওদাগর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
গত শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শহরের সাতমাথার টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতর নিজ সংগঠনের নেতা-কর্মীদের হাতে খুন হন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা শিমুল হক। দলীয় কোন্দলের কারণেই তিনি খুন হয়েছেন বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
নিহত শিমুলের বাড়ি গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামে। তিনি বগুড়া শহরের মালতিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
হত্যাকাণ্ডের পর থেকে জেলা আওয়ামী লীগের দলীয় ওই কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের নির্ধারিত বর্ধিত সভাও দলীয় কার্যালয়ে হয়নি।
শহরের চেম্বার ভবনে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন দাবি করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নয়। কাজেই ওই সংগঠনের নামে কেউ খুনোখুনিতে জড়িয়ে পড়লে তার দায়ও দল নেবে না।