টানা চার মাস অনুসন্ধান শেষে হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ২৭ জনকে আসামি করে ১১টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বা কাল বৃহস্পতিবার মামলা দায়ের করা হবে। দুদকের অনুসন্ধান কমিটি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীসহ ৭৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত বক্তব্য এবং সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তথ্য-উপাত্ত থেকে হলমার্কের অর্থ জালিয়াতি বিষয়ে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন গতকাল মঙ্গলবার কমিশনে জমা দেওয়া হয়। জানতে চাইলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন।সংস্থার বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন ১১টি মামলার অনুমোদন দিয়েছে। মামলায় আসামি করা হবে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান ও তানভীরের স্ত্রী জেসমিন আরাসহ ওই প্রতিষ্ঠানের ছয়জনকে। এ ছাড়া আসামির তালিকায় থাকবেন সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখার ব্যবস্থাপনা পরিচালকসহ বাকি ২১ জন ব্যাংক কর্মকর্তা। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ধারায় এসব মামলা দায়ের করা হবে। দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংক থেকে পাঠানো অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের তালিকার সঙ্গে দুদকের তালিকার মিল রয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতে জড়িত অপর চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুদক।গত জুন মাসে গণমাধ্যমে প্রকাশিত আড়াই হাজার কোটি টাকার বেশি অনিয়মের সংবাদকে আমলে নেয় দুদক। ওই মাসের ১০ তারিখে হলমার্ক গ্রুপের অনিয়মের অনুসন্ধান শুরু করে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে শুধু তানভীর মাহমুদের মালিকানাধীন হলমার্ক গ্রুপের নামেই দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। একইভাবে টি অ্যান্ড ব্রাদার্স তুলেছে ৬০৯ কোটি ৬৯ লাখ টাকা, প্যারাগন নিটিং তুলেছে ১৪৬ কোটি ৬০ লাখ টাকা, ডিএন স্পোর্টস তুলেছে ৩৩ কোটি ২৫ লাখ টাকা, নকশি নিট তুলেছে ৬৬ কোটি ৩৬ লাখ টাকা এবং খানজাহান আলী সোয়েটার নামের একটি প্রতিষ্ঠান তুলেছে চার কোটি ৯৬ লাখ টাকা।