২৭ জনের সাক্ষ্যে খুলে গেছে জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে আটককৃত অস্ত্র ও গোলা-বারুদ,  ফাইল ছবি
চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে আটককৃত অস্ত্র ও গোলা-বারুদ, ফাইল ছবি

১০ ট্রাক অস্ত্র আটক হয় ২০০৪ সালের ১ এপ্রিল রাতে। সবচেয়ে বড় এই অস্ত্রের চালান আটকের মামলায় জড়িত দেশি-বিদেশি ব্যক্তিদের নাম প্রকাশ শুরু হয় ২০০৯ সালের ২ মার্চ। প্রধান আসামি ও চোরাকারবারি হাফিজুর রহমান ওই দিন রাতে চট্টগ্রামের তৎকালীন মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনা দেন। এরপর একে একে সাতজন আসামি এবং আরও ২০ জন সাক্ষী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেন। এর মধ্য দিয়ে মামলার জট খুলতে শুরু করে। আদালতে দেওয়া ২৭ জনের জবানবন্দির ভিত্তিতে নতুন আসামি হিসেবে তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের পরিচালক উইং কমান্ডার সাহাবউদ্দিন, উপপরিচালক মেজর লিয়াকত হোসেন ও মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন ও উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার নাম বেরিয়ে আসে। ওই সময় তদন্তে বেরিয়ে আসে, অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছিল এবং তা চীনের তৈরি। হাফিজুর রহমান জবানবন্দিতে বলেছিলেন, ১০ ট্রাক অস্ত্রের মতো বড় চালান বাংলাদেশের ভেতর দিয়ে পরিবহনের বিষয়টি দেশের শীর্ষস্থানীয় দুটি গোয়েন্দা সংস্থার তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন।

২০০৯ সালে প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের সমুদ্রসীমার বাইরে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ থেকে অস্ত্র ও গোলাবারুদ খালাস করে তা চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি পর্যন্ত নিয়ে আসার কাজ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করা হয়। এ জন্য ‘এমভি খাজার দান’ ও ‘এফবি আমানত’ নামে দুটি ট্রলার ব্যবহার করা হয়। এ দুটি ট্রলারের যে মালিকানা দেখানো হয়েছে বাস্তবে ওই নামের কোনো লোকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ ট্রলার দুটি বেনামে উলফারই বলে তখন জানা যায়। এই ১০ বছরেও জাহাজটি শনাক্ত করা যায়নি।

 ২০০৮ সালের ২০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ জাহাজটি শনাক্তকরণসহ সাতটি নির্দেশনায় দিয়ে মামলাটি অধিকতর তদন্ত করতে সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। ২০১১ সালের ২৬ জুন পর্যন্ত টানা সাড়ে তিন বছর মামলাটির অধিকতর তদন্ত হয়। পুলিশ সূত্র জানায়, ২০০৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহে চোরাকারবারি হাফিজুর রহমান ঢাকার পুলিশের হাতে ধরা পড়েন। চারদলীয় জোট সরকারের আমলে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা ছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এলে মামলাটি তদন্তে গতি পায়। আদালত সূত্র জানায়, চোরাকারবারি হাফিজ এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন ও উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিনকে জড়িয়ে জবানবন্দি দেন। পরে একই বছরের ২ মে আকবর এবং ১৪ মে সাহাবউদ্দিন এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার ও উপপরিচালক মেজর লিয়াকত হোসেন, উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়াকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের বক্তব্যের ভিত্তিতে ২০০৯ সালের মে মাসে গ্রেপ্তার হন আবদুর রহিম, রেজ্জাকুল হায়দার ও লিয়াকত হোসেন। সাহাবউদ্দিন জবানবন্দিতে অস্ত্রের অর্থ সরবরাহকারী বিদেশি সংস্থার সঙ্গে আবদুর রহিমের সরাসরি যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। এ জন্য দুবাই ও ঢাকার বিভিন্ন গোপন জায়গায় দফায় দফায় আবদুর রহিম বৈঠক করেন বলে ২০০৯ সালের ১৪ মে চট্টগ্রামের আদালতে দেওয়া জবানবন্দিতে তা উল্লেখ করেন সাহাবউদ্দিন। আদালতে অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন আবদুর রহিম। রেজ্জাকুল হায়দারের নামও আসে সাহাবউদ্দিনের জবানবন্দিতে। সাহাবউদ্দিন বলেন, অস্ত্র খালাসের দিন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি (সাহাবউদ্দিন)। এ সময় পরেশ বড়ুয়া তাঁকে দেখতে সিএমএইচে যান। পরেশ বড়ুয়াকে বিদায় দেওয়ার সময় রেজ্জাকুল হায়দারকে দেখতে পান সাহাবউদ্দিন।

এরপর অস্ত্র ও চোরাচালান আইনের মামলায় রেজ্জাকুল হায়দার আসামি হন। রেজ্জাকুল হায়দার আদালতে ওই অভিযোগ অস্বীকার করেন। আর অস্ত্র খালাসের আগে এনএসআইয়ের মহাপরিচালকের সঙ্গে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, যার প্রত্যক্ষদর্শী ছিলেন সাহাবউদ্দিন। এ ছাড়া অস্ত্র খালাসের সময় উলফা সদস্য পরিচয় দিয়ে সিইউএফএল জেটি ঘাটে ছিলেন মেজর লিয়াকত হোসেন। এই আসামির নাম পুলিশের দুই সার্জেন্টসহ আরও কয়েকজন সাক্ষী জবানবন্দিতে উল্লেখ করেন। তদন্তকালীন শনাক্তকরণ মহড়ায় তাঁকে দুই সার্জেন্ট চিহ্নিত করতে সক্ষম হন। সাবেক শিল্পসচিব শোয়েব আহম্মদ ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান জবানবন্দিতে বলেছিলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের বিষয়টি তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে তাঁরা জানিয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে নিজামী তদন্ত কিংবা ব্যবস্থা গ্রহণ করেননি। বরং এই অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে সিইউএফএল জেটি ঘাটে খালাসের বিষয়ে তদারকি করার জন্য পলাতক আসামি তৎকালীন ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিনকে ঘটনার আগে সিইউএফএল রেস্ট হাউসে পাঠান বলে সাক্ষীরা অভিযোগ করেন। এ কারণে নিজামীকে আসামি করা হয়েছে। নিজামী এসব বিষয়ে কিছু জানতেন না বলে আদালতে দাবি করেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সম্পৃক্ততার কথা আদালতে বর্ণনা করেন ২৪ জন সাক্ষী ও আসামি। মামলার বাদী তৎকালীন কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান, ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিলদার গোলাম রসুল, সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাদিক হাসান রুমি, কর্নেল এ কে এম রেজাউর রহমান, তৎকালীন উপপুলিশ কমিশনার আবদুল্লাহেল বাকী, তৎকালীন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার এস এম সাব্বির আলী, সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক, সিআইডির ডিআইজি ফররুখ আহমদ বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ আনার সঙ্গে বাবর জড়িত রয়েছেন দাবি করে মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন। এ ছাড়া সাক্ষী আহাদুর রহমান, মিজানুর রহমান, নুরুল আলম সওদাগর, লোকমান, কনস্টেবল আবদুস সাত্তার ও কনস্টেবল আলী হোসেন সাক্ষ্যে বলেন, বাবরের নির্দেশে ঘটনাস্থলে আটক পাঁচ উলফা সদস্যকে ছেড়ে দেওয়া হয়। লুৎফুজ্জামান বাবর আদালতে এ অভিযোগ অস্বীকার করেন।