২৭ জানুয়ারি নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয় বিবেচনায় না রেখেই ২৭ জানুয়ারি জাতীয় সংসদ উপনির্বাচন ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।গতকাল সোমবার নির্বাচন-পূর্ববর্তী আইনশৃঙ্খলা বৈঠক শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে আমরা সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছিলাম। তাঁরা বলেছেন, বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে। তাই সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনায় না রেখেই নির্বাচন কমিশন ভোট গ্রহণের পরিকল্পনা করেছে।’গতকাল আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে এই বৈঠকে সংবাদমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন। বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি লে. কর্নেল তৌফিকের কাছে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানতে চান, ২৭ জানুয়ারি নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন হচ্ছে কি না। লে. কর্নেল তৈফিক বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি।’ এই জবাব পাওয়ার পর ছহুল হোসাইন বলেন, ‘তাহলে আমরা এর জবাব “না” ধরে বিকল্প ব্যবস্থা নিতে পারি। কারণ আমাদের হাতে আর সময় নেই।’বৈঠক শেষে ছহুল হোসাইন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে কী লাভ? পৌর নির্বাচনে সেনা মোতায়েন কার্যত কোনো কাজে আসেনি।’ তিনি জানান, নতুন পরিকল্পনা অনুসারে ২৭ জানুয়ারি নির্বাচনে পুলিশ-আনসারের পাশাপাশি বর্ডার গার্ড, কোস্টগার্ড ও র‌্যাব নিয়োজিত থাকবে। বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার জানান, ২৭ জানুয়ারির ভোটে দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা, নরসিংদীর মাধবদী, নেত্রকোনার মদন, ফেনীর দাগনভূঞা এবং কক্সবাজার জেলা সদর, চকরিয়া ও টেকনাফে বিজিবি, ভোলার চরফ্যাশন ও কক্সবাজারের মহেশখালী পৌরসভায় কোস্টগার্ড এবং মাদারীপুর ও শরীয়তপুরের জাজিরা পৌরসভায় র‌্যাব মোতায়েন করা হবে।বৈঠকে অন্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী, ২৭ জানুয়ারি জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন এবং ১২টি পৌরসভায় ভোট হবে। এর মধ্যে কয়েকটি পৌরসভাকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেই সিদ্ধান্ত শেষে তা বাস্তবায়নের সম্ভাবনা কম।সম্প্রতি অনুষ্ঠিত ২৪২টি পৌরসভার নির্বাচনের বেশ কয়েকটিতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল।নির্বাচন কমিশনের ক্ষোভ: গতকালের বৈঠকের শুরুতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় প্রশাসনের প্রতি নির্বাচন কমিশনাররা ক্ষোভ প্রকাশ করেন। টেকনাফে সরকারদলীয় সাংসদের আচরণের বিষয়েও কড়া মন্তব্য করা হয়।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘টেকনাফে নির্বাচনের সময় প্রতিবার আমাদের লোককে মারধর করা হচ্ছে। জানি না আপনারা এটা কীভাবে সহ্য করেন। এ অবস্থা চলতে পারে না।’জবাবে কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সাংসদের চাচাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাংসদকে আমি পরামর্শ দিয়ে বলেছি, নির্বাচনের সময় আপনি সেন্ট মার্টিনে অথবা ঢাকায় নির্বাসনে থাকেন। তাহলে সবার জন্যই ভালো হবে। এ ছাড়া তাঁকে বলেছি, আবারও এ ধরনের ঘটনা ঘটলে আপনাকে গ্রেপ্তার করা হবে।’সাখাওয়াত হোসেন ১৮ জানুয়ারি পৌর নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনা উল্লেখ করে বলেন, সরকারি কর্মকর্তাদের গায়ে হাত দেওয়াটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। এটা ঠেকাতে হবে। তিনি বলেন, ‘বৃহত্তর নোয়াখালীর পৌরসভাগুলোতে যেসব ঘটনা ঘটেছে, তার জন্য সংশ্লিষ্ট ওসিদের সাসপেন্ড করা হয়নি কেন? বিভাগীয় তদন্তের ব্যবস্থা কি নেওয়া হয়েছে?’ছহুল হোসাইন সেনবাগ, নোয়াখালী, কবিরহাট, ফেনী, সোনাগাজী, নাঙ্গলকোট, ঘাটাইলসহ আরও কিছু এলাকায় প্রিসাইডিং কর্মকর্তাদের ওপর হামলা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের যে সংস্কৃতি আমরা শুরু করেছিলাম, সেটার কী হলো? পুলিশ, আনসার, আর্মি—এত সব বাহিনীর ব্যূহ ভেদ করে কীভাবে এসব ঘটতে পারে? কীভাবে তাদের চোখের সামনে ব্যালট বাক্স ভাঙার ও পোড়ানোর মহোৎসব হয়?’