২৭ জানুয়ারি সংসদ বসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ২৭ জানুয়ারি রোববার সাড়ে তিনটায় বসছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন ডেকেছেন। এটি হবে সংসদের ১৬তম অধিবেশন। সংসদের স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীন গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। রীতি অনুযায়ী বছরের শুরুর এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। অধিবেশন কত কার্যদিবস চলবে, তা অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকেরা টানা ৭৭ কার্যদিবস অনুপস্থিত থাকার পর মূলত সদস্যপদ রক্ষায় সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল গত বছরের ১৮ মার্চ (দ্বাদশ অধিবেশন)। সেই অধিবেশনের শেষ দিন ২৯ মার্চ পর্যন্ত তারা সংসদে ছিল।