২৭ টাকার কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি
চট্টগ্রাম নগরে কাঁচা পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার। গতকাল মঙ্গলবার সকালে ওই বাজারে কাঁচা মরিচের পাইকারি দাম ছিল প্রতি কেজি ২৭ টাকা। এর ১০০ গজ দূরে রিয়াজউদ্দিন খুচরা বাজারে ও এক কিলোমিটার দূরত্বে কাজীর দেউড়ি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল বিক্রেতাভেদে ৮০ থেকে ১০০ টাকায়। পাইকারি মূল্যের তুলনায় তিন গুণেরও বেশি দামে কাঁচা মরিচ ও বেগুন বিক্রি করায় তিন খুচরা বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পবিত্র রমজান মাসের প্রথম দিন নগরের কাঁচাবাজারের পরিস্থিতি তদারকি করতে অভিযানে নামে জেলা প্রশাসনের তদারকি দল। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
অভিযানে পাইকারি দামের তুলনায় বেশি দামে কাঁচা মরিচ ও বেগুন বিক্রি করায় তিনজনকে কারাদণ্ড, মূল্যতালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের রসিদ না থাকায় চারজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনজনের কাছ থেকে মুচলেকা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্র জানায়, রিয়াজউদ্দিন পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ২৫-২৭ টাকা, বেগুন ২০ টাকা, শসা ২০-২২ টাকা। কিন্তু কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দিন খুচরা বাজারে বিক্রেতাভেদে কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, বেগুন ৮০ টাকা ও শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। বেশি দামে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ায় কাজীর দেউড়ি এবং রিয়াজউদ্দিন বাজারের তিন খুচরা ব্যবসায়ী আলী হোসেন, মো. সোহাগ ও মো. আহমদ নবীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে ১৫ দিনের ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মূল্যতালিকা না টাঙানোয় দুই আড়তদার ও দুই খুচরা ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন বৈঠকে ব্যবসায়ীরা কাঁচাবাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অভিযানে গিয়ে উল্টো চিত্র দেখা গেছে। দাম অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনকে সতর্ক করা হয়েছে। এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, এ ছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে রিয়াজউদ্দিন বাজারের এক খুচরা বিক্রেতা মালামাল ফেলে পালিয়ে যান। তিনিও ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন। পরে তাঁর মালামাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।