২৭ দিন ধরে পানির সংকটে রায়পুরবাসী
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে ২৭ দিন ধরে বিশুদ্ধ পানির সংকট চলছে। বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে পৌরসভার উচ্চ জলাধারে পাম্প দিয়ে পানি উত্তোলন করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে শহরে বসবাসকারী কয়েক হাজার পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া শহরের রেস্তোরাঁগুলোতে লোকজন বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছে।সূত্র জানায়, পৌর এলাকার প্রায় ২০ হাজার মানুষের প্রতিদিন ১৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে পানি উত্তোলন করতে হলে দৈনিক ১৪-১৫ ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন। কিন্তু রায়পুরে প্রতিদিন ৯-১০ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে উচ্চ জলাধারে মাত্র সাত-আট লাখ লিটার পানি উত্তোলন করা সম্ভব হয়।মধ্যবাজারের বাসিন্দা শরীফ হোসেন বলেন, একবেলা ভাত না খেয়ে থাকা যায়। কিন্তু পানি ছাড়া থাকা যায় না। শহরের পুকুরগুলো ভরাট করে ফেলায় পানির সংকট দিন দিন তীব্র হয়ে উঠছে। নতুন বাজারের বাসিন্দা স্কুলশিক্ষক তানজিমা বেগম জানান, পানি না থাকলে পুরুষেরা বাইরে গিয়ে গোসল করতে পারে। কিন্তু নারীদের কী উপায়! অনেক সময় রান্নাবান্নার কাজও বন্ধ থাকে।পৌরসভার পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক নুরুল আফসার বলেন, অব্যাহত লোডশেডিংয়ের কারণে চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।যোগাযোগ করা হলে রায়পুর পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পংকজ চৌধুরী বলেন, ‘আমরাও পানির সমস্যায় ভুগছি। প্রতিদিন দুই ঘণ্টা পর পর লোডশেডিং করা হয়। নোয়াখালী থেকে এই লোডশেডিং করায় আমাদের কিছু করার নেই। রায়পুরে বিদ্যুতের চাহিদা রয়েছে সাত-আট মেগাওয়াট, পাওয়া যাচ্ছে মাত্র এক মেগাওয়াট।’