২৭ দিন পর তজুমদ্দিন-মনপুরা পথে সি-ট্রাক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌপথে ২৭ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে পুনরায় সি-ট্রাক চালু হয়েছে৷ বিকল হয়ে পড়ায় গত ৩ মে এ পথে সি-ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়৷
তজুমদ্দিন উপজেলার স্লুইসঘাট থেকে এসটি শেখ জামাল নামের ওই সি-ট্রাকটি গতকাল বেলা তিনটার দিকে মনপুরার উদ্দেশে ছেড়ে আসে। সি-ট্রাকের ইজারাদার নুরুদ্দীন আহমেদ ও মাস্টার আবদুল আব্বাস এ তথ্য দিয়েছেন। তাঁরা আরও জানান, চলতি বছরের গত পাঁচ মাসে সি-ট্রাকটি মাত্র ১০ দিন চলাচল করেছে। বাকি সময় এটি বিকল হয়ে পড়ে ছিল। গত বছরের অক্টোবরে বিকল হওয়ার পর এটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়। সংস্কারের পর চলতি বছরের ১৯ মার্চ ভোলায় আসার পথে এটি বিকল হয়। ২৩ এপ্রিল সংস্কার করে চালু করার পর গত ৩ মে এটি আবার বিকল হয়ে যায়। এ নিয়ে গত ১০ মে প্রথম আলোয় ‘সি-ট্রাক বারবার বিকল, মনপুরা কার্যত বিচ্ছিন্ন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী জানান, সি-ট্রাক বন্ধ হলে জলবেষ্টিত দ্বীপ উপজেলা মনপুরার লক্ষাধিক মানুষ কার্যত বন্দী হয়ে পড়ে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, সারা দেশে সি-ট্রাকের সংকট আছে। নতুন কোনো সি-ট্রাক নেই৷ নতুন সি-ট্রাক নির্মাণ করার কথা আছে। নির্মাণ সম্পন্ন হলে তজুমদ্দিন-মনপুরা নৌপথে সি-ট্রাক দেওয়া হবে।