২৭ দিন পর নিখোঁজ নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার ২৭ দিন পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রোমেলা আক্তারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার কেন্দুয়া উপজেলার গইছায়া মরিচপুর গ্রামের একটি পুকুরপাড়ের গর্ত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, আঠারবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত নারী সদস্য উত্তরবন গ্রামের রোমেলা আক্তার গত ১৬ জানুয়ারি একটি সালিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে আর তিনি ফিরে আসেননি। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।গতকাল স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গইছায়া মরিচপুর গ্রামের একটি পুকুরপাড়ের গর্ত থেকে রোমেলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তাঁর বড় মেয়ে পারুল (২০) মায়ের লাশ শনাক্ত করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানায় মামলা হয়েছে।