২৭ দিন বিদ্যুৎহীন এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা কলেজ রোডে বিদ্যুতের একটি ট্রান্সমিটার ২৭ জুন নষ্ট হয়। সেই থেকে গতকাল বুধবার পর্যন্ত চারটি গ্রাম ও দুটি বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। বিদ্যুতের দাবিতে গতকাল রাত সোয়া ১০টার দিকে তারাকান্দা বঙ্গবন্ধু কলেজ ফটকের সামনে এলাকাবাসী ঢাকা-শেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রাত পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এলাকাবাসীর কয়েকজন জানান, ট্রান্সমিটার নষ্ট হওয়ার পর থেকে মোকামিয়াকান্দা, দুগাছি, বগিরপাড়া ও মাসকান্দা গ্রামে এবং দুগাছি প্রাথমিক বিদ্যালয় ও মুকামিয়াকান্দা মডেল শিশু নিকেতনে বিদ্যুৎ নেই। ফলে এসব গ্রামের বাসিন্দা এবং ওই দুটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কলেজ রোডের ব্যবসায়ী সালেক মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় তাঁদের প্রচুর সমস্যা হচ্ছে।
মাসকান্দা গ্রামের পত্রিকা বিক্রয়কর্মী সিদ্দিকুর রহমান জানান, ২৭ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়ের লেখাপড়ার ভীষণ ক্ষতি হচ্ছে। উপজেলার উপবিভাগীয় আবাসিক প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সমিটারটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করার জোর চেষ্টা চালাচ্ছি।’