২৭ পদের ২১টিই শূন্য
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খুলনা আঞ্চলিক কার্যালয়ে ২৭টি পদের ২১টিই শূন্য রয়েছে। এ কারণে বাজার তদারকিসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
কর্মকর্তাদের দাবি, দীর্ঘ সময় ধরে চলা এ জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। কিন্তু কোনো সমাধান নেই। টিসিবি কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও পিরোজপুরসহ মোট ১৪টি জেলার সমন্বয়ে টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয় গঠিত। এখানে মোট পদের সংখ্যা ২৭। কিন্তু বর্তমানে আছেন মাত্র ছয়জন।
২৭ পদের মধ্যে আঞ্চলিক প্রধান কর্মকর্তার পদটিতে কেউ নেই। ঊর্ধ্বতন কার্যনির্বাহীর পদটিও শূন্য। দুজন উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহীর মধ্যে একজন রয়েছেন। তিনিই আঞ্চলিক প্রধানের দায়িত্ব পালন করছেন। সহকারী কার্যনির্বাহীর তিনটি পদই শূন্য। কম্পিউটার অপারেটরের পাঁচটি পদের মধ্যে আছেন মাত্র একজন। বিক্রয় সহকারীর দুটি পদে একজন রয়েছেন। এ ছাড়া বার্তাবাহকের তিনটি পদের বিপরীতে একজন এবং নৈশপ্রহরীর পাঁচটি পদের বিপরীতে আছেন মাত্র একজন। সাঁট মুদ্রাক্ষরিক ও জেটি সুপারভাইজারের দুটি পদই খালি। নিরাপত্তা পরিদর্শকের পদেও কেউ নেই।
জানা যায়, ১৯৯৩ সালে সারা দেশ থেকে ৫১৯ জন এবং ২০০২ সালে ৩৪০ জন কর্মকর্তা- কর্মচারীকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সে সময় খুলনা কার্যালয়েরও অনেক কর্মী বাদ পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জনবল সংকটের কারণে কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ট্রাকে করে খোলাবাজারে ন্যায্যমূল্যে ভোজ্য তেল, ডাল ও চিনি বিক্রি এবং সরবরাহ কার্যক্রম শুরু হলে পরিস্থিতি আরও খারাপ রূপ ধারণ করে।
জানা গেছে, এই কার্যালয়ে কোনো নিজস্ব গুদাম নেই, ফটোকপির মেশিন নেই। অফিসের কাজের জন্য একটি গাড়ি বরাদ্দ থাকলেও তা এখনো পাওয়া যায়নি।
জানতে চাইলে খুলনা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বে থাকা উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী মো. রবিউল মোর্শেদ প্রথম আলোকে বলেন, ‘জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। কাজের পরিধি কম থাকায় কিছুটা সমস্যা হলেও চালিয়ে নিচ্ছি। আর কাজে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য এবং গুদাম পাহারার জন্য দৈনিক মজুরিভিত্তিক পাঁচজনকে দিয়ে কাজ করানো হচ্ছে।’
রবিউল মোর্শেদ বলেন, স্থায়ীভাবে লোক নিয়োগ করা হলে এবং পণ্যের সরবরাহ বাড়িয়ে জেলায় জেলায় কার্যালয় খোলা হলে সাধারণ ভোক্তারা আরও উপকৃত হবেন। পাশাপাশি টিসিবির কাজের গতিও বাড়বে।