২৭ বছর ঋণের জালে বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা আকাশের নিচে ২৭ বছর ধরে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে নতুন একটি ট্রাক। জমি বন্ধক রেখে ব্যাংক থেকে দুই লাখ ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এক কৃষক। সেই ঋণ আর নিজের সঞ্চিত সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে ট্রাকটি কিনেছিলেন।
ঋণের টাকা শোধ না করার অভিযোগ এনে ট্রাক কেনার এক বছর পরই তা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রাকটি জব্দ করে তা খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়।
ট্রাক বা বন্ধক রাখা জমি বিক্রি করে ঋণের টাকা না নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ উল্টো ওই কৃষকের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। যার ঘানি আজও টানছেন তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এদিকে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। পুলিশ বার কয়েক তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে ফেরত এসেছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনশালা গ্রামের ওই কৃষকের নাম মোজাফ্ফর হোসেন। বয়স তাঁর ৬০।
মোজাফ্ফর বলেন, তিনি দুই লাখ ৬৮ হাজার টাকা শোধ করেছেন। তার পরও ব্যাংক কর্তৃপক্ষ ২৭ বছরে সুদাসলে আরও ছয় লাখ ৫০ হাজার ৫৬১ টাকা দাবি করছে।
স্থানীয় ও সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ৭ জানুয়ারি সোনালী ব্যাংকের পীরগঞ্জ উপজেলার খালাশপীর শাখায় এক একর ৫৬ শতক জমি বন্ধক রেখে দুই লাখ ৬০ হাজার টাকা ঋণ নেন মোজাফ্ফর হোসেন। ওই ঋণের টাকাসহ সঞ্চিত আরও সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে তিনি নতুন একটি ট্রাক কেনেন। বছরখানেক পর ঋণ পরিশোধে ব্যর্থতার অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ ট্রাকটি চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ এবং ট্রাকটি জব্দ করে ধনশালা গ্রামে পীরগঞ্জ-খালাশপীর সড়কের পাশে খোলা আকাশের নিচে ফেলে রাখে। ঋণের টাকা পরিশোধ না করায় ১৯৯৩ সালের ১ এপ্রিল আদালতে মোজাফ্ফরের বিরুদ্ধে মামলা করেন ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক আজাদুল ইসলাম খান। মামলাটি বর্তমানে রংপুরের অর্থঋণ আদালতে বিচারাধীন।
ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপক আবদুর রউফ বলেন, মোজাফ্ফর দুই লাখ ৬৮ হাজার টাকা পরিশোধ করেছেন। সুদাসলে এখন তাঁর টাকার পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ৫০ হাজার ৫৬১ টাকা। এর মধ্যে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার খরচ ধরা হয়েছে ৮৪ হাজার ৬৯৯ টাকা। তিনি আরও বলেন, ‘আমিও ঋণ আদায় করতে গিয়ে দেখেছি, ট্রাকটি রাস্তার ধারে পচে নষ্ট হয়ে গেছে।
মোজাফ্ফরের বিরুদ্ধে ১৯৯৩ সালে মামলার পর ১২-১৩ জন ব্যবস্থাপক ক্রমান্বয়ে এই শাখার দায়িত্ব পালন করে গেছেন। কে কী করেছেন, তা জানি না। তবে ওই কৃষক যেহেতু জমি মর্টগেজ (বন্ধক) রেখে ঋণ নিয়েছিলেন, সেহেতু ব্যাংক ওই জমি নিলামে বিক্রি করে টাকা নিতে পারত। অথবা ট্রাকটিও নিলামে বিক্রি করে ঋণ সমন্বয় করতে পারত। কেন এটা করা হয়নি সেটা আমারও প্রশ্ন।’
সম্প্রতি গুরুতর অসুস্থ শয্যাশায়ী মোজাফ্ফর হোসেনের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। ভাঙা কণ্ঠে তিনি বলেন, ‘অভাবের জন্য তখন ঋণের টাকা শোধ দিবার পারি নাই। এরপর ব্যাংক থাকি লোক আসি কইল, হয় টাকা দেও, না হয় ট্রাক দেও। তখন ওরা ট্রাকটা বাড়ির পাশোত সড়কের ধারোত নিয়া যায়া থোয়। কয়, টাকা না দেওয়া পর্যন্ত ট্রাক চলা নিষেধ। মামলা করে। পরে ঋণের টাকা শোধ দেই। এলাও কয় সাত লাখ টাকা পাইবে।’
জানতে চাইলে আজাদুল ইসলাম খান বলেন, তিনি কয়েক বছর আগে অবসরে গেছেন। তিনি দাবি করেন, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ট্রাকটি ফেলে রেখে গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন মোজাফ্ফর হোসেন। ব্যাংক তাঁকে ট্রাক চালাতে নিষেধ করেনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মর্টগেজ রাখা জমি ও ট্রাকটি নিলামে বিক্রি করতে চাইলেই আমি তা করতে পারতাম না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ওই সময় মামলা দায়ের করা হয়েছে।’