২৭ বছরেও উন্নয়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রতিষ্ঠার ২৭ বছরেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আন্তজেলাসহ দূরপাল্লার প্রায় আড়াই শ যাত্রীবাহী বাস প্রতিদিন এখান থেকে চলাচল করে।
সরেজমিনে দেখা যায়, প্রধান সড়ক থেকে টার্মিনাল কিছুটা নিচু হয়ে পড়েছে। বৃষ্টি হলে পানি জমে যায়। বাস টার্মিনাল ভবনে যাত্রীদের বসার চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে। ভবনের পলেস্তারা অনেক স্থানে খসে পড়েছে। বাথরুমগুলো নোংরা ও দুর্গন্ধময়। ভবনের বাইরে কিছু শৌচাগার করা হলেও সেগুলোতে ময়লা উপচে পড়ছে।
আরকে রোডে কেন্দ্রীয় বাস টার্মিনালে কথা হয় যাত্রীদের সঙ্গে। যাত্রীদের অভিযোগ, প্রচণ্ড রোদে দাঁড়ানোর তেমন কোনো জায়গা নেই। একটি বিধ্বস্ত ভবন থাকলেও সেখানে বসার কোনো পরিবেশ নেই। দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়।
আত্মীয়র বাড়ি বেড়াতে যাওয়ার জন্য নগরের বড়বাড়ি এলাকা থেকে রফিকুল ইসলাম তাঁর পরিবার-পরিজন নিয়ে অন্য জেলায় যাবেন। তিনি বাসের জন্য অপেক্ষা করতে করতে বলেন, ‘এই বাসস্টান্ড হইছে থাকি এমনই দেখি। এত দিন হয়া গেল কোনো কাজকাম হইল না। সিটি করপোরেশন হইলেও কোনো উন্নয়ন নাই।’
প্রতিদিন এই টার্মিনাল থেকে পীরগঞ্জে চাকরি করতে যাওয়া-আসা করেন গণেশপুরের এক সরকারি চাকরিজীবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘আমি চলাচল করতে গিয়ে বৃষ্টি হলেও অসুবিধা দেখেছি। এখন রোদের মধ্যেও কষ্ট পেতে হচ্ছে। এত বড় একটি এলাকার জন্য এই বাস টার্মিনাল এখন অনুপযোগী। এটি ভেঙে নতুন করে ভবন হওয়া জরুরি হয়ে পড়েছে।’ এমনি করে আরও অনেক যাত্রী তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
সিটি করপোরেশন থেকে জানা যায়, ১৯৮১ সালে বাস টার্মিনাল নির্মিত হয়। ’৮৬ সাল থেকে এটি পৌরসভার আওতাধীনে নেওয়া হয়। আর তখন থেকেই পৌরসভা এটির ইজারা দিয়ে আসছে। এ পর্যন্ত ইজারা থেকে কোটি টাকার ওপর রাজস্ব আদায় হয়েছে। বছরের পর বছর ধরে বাস টার্মিনালে কোনো উন্নয়নমূলক কাজ করা হয়নি।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, এই বাস টার্মিনালটির বিধ্বস্ত দশা হয়েছে। কোনো যাত্রীছাউনি নেই। বৃষ্টি-রোদে যাত্রী-শ্রমিকদের চরম বিড়ম্বনায় পড়তে হয়। যাত্রী ও শ্রমিকদের কথা বিবেচনা করে এখানে নতুন ভবন করার জোর দাবি জানিয়েছেন তিনি।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ জানান, প্রতিষ্ঠার পর বাস টার্মিনালের একবারও সংস্কার করা হয়নি। বসার জায়গা নেই। কিছু শৌচাগার আমরা নিজেদের উদ্যোগে নির্মাণ করেছি। যাত্রী ও শ্রমিকদের দুর্ভোগের কোনো শেষ নেই। প্রতিদিন এখান থেকে আড়াই শ বাসে কয়েক হাজার যাত্রী বিভিন্ন জেলায় যাতায়াত করেন। বর্তমান সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে বাস টার্মিনাল উন্নয়নের দাবি জানিয়েছেন তিনি।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, এই ভবনটি অনেক আগের নির্মাণ। বর্তমানে বাসের সংখ্যা ও যাত্রী অনেক গুণ বেড়ে গেছে। তাই এই ভবনটি ভেঙে একটি নতুন আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন সিটি করপোরেশন হওয়ার পর মেয়র উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।