২৭ বছরেও পদোন্নতি না পেয়ে বিসিক কর্মকর্তার আত্মহত্যা!
বগুড়া বিসিক শিল্পনগরের গেস্টহাউসের একটি কক্ষ থেকে গতকাল মঙ্গলবার রেজাউল করিম নামের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল, ২৭ বছর ধরে চাকরি করেও পদোন্নতি না পাওয়ার যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) কালাচাঁদ ঘোষ প্রথম আলোকে জানান, রেজাউলের (৫৫) বাড়ি গাবতলী উপজেলার উজগ্রামে। তিনি শহরের কালীতলা এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রেজাউল গত সোমবার বিকেলে শিল্পনগরের গেস্টহাউসের দ্বিতীয় তলায় ১ নম্বর কক্ষে ওঠেন। গতকাল সকাল ১০টার দিকে গেস্টহাউসের কর্মচারীরা ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো রেজাউলের লাশ উদ্ধার করে পুলিশ।
এসআই আরও জানান, ওই কক্ষের টেবিলের ওপর রেজাউলের স্বাক্ষর করা একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে ২০/১০/৮৬ তারিখে বিসিকে (সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে) যোগদানের পর থেকে আমার কোনো পদোন্নতি হয়নি। এতে আমার মানসিক অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে, আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। দীর্ঘ ২৭ বছর চাকরি করার পরেও কোনো পদোন্নতি নেই।