মালয়েশিয়ায় আটকে রাখা ২৭ ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীকে মুক্ত করেছে সে দেশের পুলিশ। বাটারওর্থ এলাকা থেকে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার অনলাইন সংস্করণে গতকাল বুধবার প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। পেনাংয়ের পুলিশপ্রধান কমান্ডার আবদুল গফর রাজাব গতকাল সংবাদ সম্মেলনে বলেন, বাটারওর্থ এলাকার দুটি পৃথক জায়গায় বন্দী অবস্থা থেকে এই ২৭ জন ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত খাবার না পেয়ে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এসব ব্যক্তিকে উদ্ধারে প্রথম অভিযানটি চালানো হয় গত মঙ্গলবার তামান দেশা মুরনি এলাকার এক শিল্পাঞ্চলে। সেখান থেকে উদ্ধার করা হয় ১৭ জনকে। আরেক অভিযানে জালান বেগান লালাং নামক স্থান থেকে উদ্ধার করা হয় অপর ১০ জনকে। আবদুল গফর বলেন, এই ব্যক্তিদের কারও কাছে কাজের অনুমতিপত্র নেই। তবে সবার সঙ্গে পাসপোর্ট রয়েছে। দ্য স্টার