ব্যবসায়ীর প্রণীত প্রশ্ন ও সময়সূচিতে পরীক্ষা নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এদিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুস সালাম গত সোমবার জেলা প্রশাসক ভোলানাথ দের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বরাবর সোমবার ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও আবদুস সালাম জেলা প্রশাসক ভোলানাথ দের কাছে জমা দেওয়া প্রতিবেদনে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সত্যতা মিলেছে বলে উল্লেখ করেছেন। গত রোববার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘কেনা প্রশ্ন ও বানানো সময়সূচিতে পরীক্ষা!’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।