২৭ মামলার আসামি 'কিরিচ বাবুল' গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের ২৭ মামলার আসামি দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুলকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বিকেলে বাকলিয়া থানার মাস্টারপোল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, একটি মামলায় কিরিচ বাবুলের ১৭ বছরের সাজা হয়। তাঁর কাছে এলজিসহ অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা তাঁর বাহিনীর সদস্যদের ব্যাপারে জানার চেষ্টা করছি। তাঁকে র্যাব-৭ এর সদর দপ্তর পতেঙ্গার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সূত্র জানায়, কিরিচ বাবুল বাকলিয়া থানার এক নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। ভূমি দখল ও চাঁদাবাজি তাঁর মূল পেশা। এলাকায় তাঁর একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। চাঁদা না দিলে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট লোকজনের ওপর নির্যাতন চালাত। সম্প্রতি স্থানীয় একটি হাই স্কুলের প্রধান শিক্ষকে কিরিচ বাবুল বেদম মারধর করেছিলেন। এই ঘটনায় থানায় মামলা হয়।