গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের স্থগিত নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ছয় জেলার সাত উপজেলার স্থগিত ১৪টি কেন্দ্রে ২৭ মার্চ আবার ভোট নেওয়া হবে। গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) ওই সিদ্ধান্ত নেয়।
১৫ মার্চ গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থীর লোকদের মধ্যে সংঘর্ষ ও গুলিতে এক ছাত্রলীগ নেতার মৃত্যুর পর ১১ মার্চ নির্বাচন কমিশন সেখানকার নির্বাচন স্থগিত করে।
এদিকে ১৫ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনের দিন জাল ভোট ও সহিংসতার কারণে সাত উপজেলার ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও কুমিল্লার তিতাসে একটি করে, চাঁদপুরের হাজীগঞ্জে দুটি, বরিশালের হিজলা, ময়মনসিংহের গৌরীপুর ও মুক্তাগাছায় তিনটি করে কেন্দ্র রয়েছে। ওই সব কেন্দ্রে ২৭ মার্চ আবার ভোট নেওয়া হবে।