অষ্টম বেতন বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার দাবিতে ২৭ মে বেলা ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সামনে সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালনের পর এ কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচিতে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও অষ্টম বেতন বোর্ড গঠন না করায় তথ্যমন্ত্রীর সমালোচনা করেন। তাঁরা অবিলম্বে বেতন বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।এ সময় বক্তারা সাংবাদিক ইউনিয়নের ঐক্য সুনিশ্চিত করে সংবাদপত্রশিল্পে কর্মরত সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীদের অষ্টম বেতন বোর্ড গঠনের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। গণ-অনশন কর্মসূচিতে সাংবাদিক-কর্মচারী নেতাদের মধ্যে বক্তব্য দেন ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমীন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, কামাল উদ্দিন সবুজ, ওমর ফারুক, আবদুস শহীদ, নূরে জান্নাত আখতার, আলমগীর হোসেন খান প্রমুখ।