২৭ মে বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হচ্ছে না। বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত ও ভোটার তালিকা সংশোধন চেয়ে পৃথক চারটি আবেদনের ওপর শুনানি শেষে ২৮ মে আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দের করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে ২১ মে হাইকোর্ট বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আলতাফ হোসেন এবং বার কাউন্সিলের এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের তিন প্রার্থী এ জে মোহাম্মদ আলী, এম মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল পৃথকভাবে দুটি আবেদন করেন। এ ছাড়া সরকার-সমর্থক প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং বার কাউন্সিলের সদস্য সৈয়দ রেজাউর রহমান ও জাহিদুর রহমান ভোটার তালিকা ত্রুটিমুক্ত করে নির্বাচনের নির্দেশনা চেয়ে আরও দুটি আবেদন করেন। গতকাল আপিল বিভাগে এ চারটি আবেদনের ওপর শুনানি হয়।
গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা ও ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন। ২০ মে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকায় ত্রুটি ও একই নাম একাধিকবার থাকার অভিযোগ জানিয়ে কাউন্সিলের নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী ২৯ এপ্রিল কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। এতে অভিযোগ করা হয়, আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হলেও কাউন্সিল নিজস্ব নথির সাহায্য না নিয়ে আইনজীবী সমিতিগুলোর পাঠানো সদস্য তালিকা ধরেই ভোটার তালিকা তৈরি করেছে।