২৭ মে রংপুর বিভাগে জাতীয় পার্টির হরতাল
রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে ২৭ মে রংপুর বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জাতীয় পার্টি। গত মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুরে দলীয় কর্মিসভায় ১৫ মের মধ্যে সিটি করপোরেশন ঘোষণা করার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় হরতাল কর্মসূচি পালনের হুমকি দেন। দলীয় চেয়ারম্যানের এ সময়সীমা ধরে জেলা জাতীয় পার্টি এ হরতালের ডাক দেয়।এদিকে হরতাল সফল করতে গতকাল বুধবার রংপুর বিভাগের আট জেলা—কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল শুক্রবার পথসভা ও প্রচারপত্র বিলি করা হবে।এ ছাড়া গতকাল বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক সাংসদ ও উপচেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র এ কে এম আবদুর রউফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, জাতীয় পার্টির সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন, যুব সংহতির সভাপতি এস এম ইয়াসির, মহিলা নেত্রী ও সাবেক প্রধান শিক্ষক রাহেলা বেগম প্রমুখ।জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোস্তাফিজার রহমান বলেন, ‘রংপুরকে বিভাগ ঘোষণা করার এক বছর হয়ে গেল। কিন্তু এখনো সিটি করপোরেশন করা হলো না। শুধু প্রতিশ্রুতিই দেওয়া হচ্ছে। আমরা আর প্রতিশ্রুতি চাই না। এ মাসের মধ্যে সিটি করপোরেশন ঘোষণা করা না হলে রংপুর বিভাগের আট জেলা অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।’