২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন সিবিএর নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালালাবাদ গ্যাসের বার্ষিক লভ্যাংশ থেকে সিবিএর নেতারা ২৭২ জন কর্মচারীর ২৭ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।জালালাবাদ গ্যাসের অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ রোববার পেট্রোবাংলার ঊর্ধ্বতন মহাব্যবস্থাপকের নেতৃত্বে একটি তদন্ত দল সিলেটে যাচ্ছে। জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুফি জুলফিকার হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. কোম্পানির শর্ত অনুযায়ী, জালালাবাদ গ্যাসের বার্ষিক লভ্যাংশের ৫ শতাংশ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রতিবছরই বিতরণ করা হয়। ২০১১-১২ অর্থবছরের লভ্যাংশের ৫ শতাংশ হিসাবে মোট দুই কোটি ৭৯ লাখ টাকা কোম্পানির ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে’ জমা হয়। এতে ৩৪৮ জন কর্মকর্তা ও ২৭২ জন কর্মচারীর মাথাপিছু ৪৫ হাজার টাকা করে পাওয়ার কথা। অর্থবছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে ওই টাকা কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হওয়ার কথা থাকলেও শুধু কর্মকর্তাদের টাকা বাদে ২৭২ জন কর্মচারীর এক কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন সিবিএর (জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ—সিবিএ ১৬৯০) নেতারা।কর্মচারীদের জনপ্রতি ৪৫ হাজার টাকা করে বিতরণের কথা থাকলেও সিবিএর নেতারা ৩৫ হাজার টাকা করে দেন। কর্মচারীদের টাকা সিবিএর নেতাদের মাধ্যমে বিতরণের পর কর্মকর্তা-পর্যায়ে ব্যাংক হিসাবে লভ্যাংশের টাকা পরিশোধ এবং কর্মকর্তারা জনপ্রতি ৪৫ হাজার টাকা করে পাওয়ায় কর্মচারীদের ভাগে টাকা কম পড়ার বিষয়টি ধরা পড়ে। কর্মচারীরা সিবিএর মাধ্যমে জনপ্রতি ১০ হাজার টাকা করে কম দেওয়া হয়েছে বলে জালালাবাদ গ্যাসের প্রশাসন ও অর্থ বিভাগকে লিখিতভাবে জানালে একজন মহাব্যবস্থাপকের (অপারেশন) নেতৃত্বে চার সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠিত হয়। পরে ২৭২ জন কর্মচারীর কাছ থেকে মোট ২৭ লাখ ২০ হাজার টাকা সিবিএর নেতাদের হাতিয়ে নেওয়ার প্রমাণ পায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি।তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সিবিএর মাধ্যমে লভ্যাংশ বিতরণে প্রথম প্রতিবাদ জানান জালালাবাদ গ্যাসের কোম্পানি সচিব মফিজ উদ্দিন আহমদ। বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুললে তাঁকে সিবিএর নেতারা হুমকি দেন। হুমকির পরিপ্রেক্ষিতে তিনি নিরাপত্তা চেয়ে ১২ জুলাই সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সিবিএর নেতারা প্রভাব খাটিয়ে ১৭ জুলাই তাঁকে বদলি করলে পরদিন পেট্রোবাংলার এক আদেশে বদলি প্রত্যাহার হয়।সূত্র জানায়, কর্মকর্তা ও কর্মচারীদের লভ্যাংশের টাকা প্রতিবছর ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হলেও এবার সিবিএর নেতাদের প্রভাবে অর্থ বিভাগ কর্মচারীদের পুরো টাকা নগদে পরিশোধের ব্যবস্থা করে। এতে কর্মকর্তাদের একটি অংশের সিবিএর নেতাদের সঙ্গে যোগসাজশ থাকতে পারে—এ ধারণা স্পষ্ট হওয়ায় পেট্রোবাংলার ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) মো. আবদুল খালেকের নেতৃত্বাধীন দল ঘটনার তদন্ত করবে।সূত্র আরও জানায়, লভ্যাংশের টাকা পরিশোধ করার প্রাপ্তি স্বীকারপত্রে সিবিএর সাধারণ সম্পাদক শামছুল হকের একাধিক স্বাক্ষর রয়েছে। আবার কোনো কোনো নামের বিপরীতে শামছুল হক নিজেই স্বাক্ষর করে টাকা নিজের কাছে রেখে দিয়েছেন বলেও অভ্যন্তরীণ তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।তবে সিবিএর নেতা শামছুল হক লভ্যাংশের টাকা যথাযথভাবে বিতরণ করা হচ্ছে বলে দাবি করেন। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘কার বিরুদ্ধে কে তদন্ত করবে? তারা (জালালাবাদ গ্যাসের অর্থ বিভাগ) আমাদের কাছে টাকা দিয়ে যদি এখন গা বাঁচাতে এ রকম বলে, তাহলে তাদের ঘাপলা দেখবে কে?’জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (অর্থ) সঞ্জিত কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘সিবিএর নেতাদের অনুরোধে টাকা ব্যাংক হিসাবের পরিবর্তে নগদে পরিশোধের ব্যবস্থা করা হয়।’ তবে বিষয়টি তদন্তাধীন থাকায় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।