২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই দিন দুপুরে তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। ওই সম্মেলনে প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ, উপ স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, অর্থনৈতিক উপদেষ্টা বরুন দেব মিত্র ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ কে মোমেন জানান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) সাফল্যের কারণে ‘২০১৫-উত্তর উন্নয়ন এজেন্ডা কার্যকরকরণ ও বাস্তবায়ন’ প্রতিপাদ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিশেষ দিকনির্দেশনা হিসেবে গুরুত্ব পাবে।
২২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এই অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন। নিউইয়র্কে তিনি ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এ বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ মিশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে জানান, জাতিসংঘের এবারের অধিবেশনে ৯৫ জন প্রেসিডেন্ট, ৪৫ জন প্রধানমন্ত্রী, দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন ডেপুটি প্রধানমন্ত্রী এবং ৫০ জন মন্ত্রী অংশ নিচ্ছেন। একই সঙ্গে ১৯৩টি সদস্য দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা কতৃর্ক আয়োজিত পার্টিতে যোগ দেবেন। তিনি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের কণ্ঠস্বর হিসেবে বিশেষভাবে উন্নত বিশ্বের নজর কেড়েছেন। তাঁর বক্তব্যে আগামীতে টেকসই উন্নয়ন (এসডিজি) প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দিকদর্শন হিসেবে গ্রহণ করা হবে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রী ‘এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভ’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এতে মডারেটরের দায়িত্ব পালন করবেন। পরে ২৫ সেপ্টেম্বর কাতারের আমির এবং নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর সকালে পিস-কিপিং সামিটে কো-চেয়ার করবেন। বিকেলে বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিশন কতৃর্ক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ ব্রিটেন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। একই দিন বিকেল পাঁচটায় জাতিসংঘ বাংলাদেশ মিশনে প্রেস ব্রিফিং করবেন।