২৭টি ওয়ার্ডে বিভক্ত করে তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ পৌর এলাকা ও বন্দরের কদমরসূল পৌরসভাকে নিয়ে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ২৭টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। এ ছাড়া এ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে নয়টি। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নবগঠিত সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা সামছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ডের তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি ওয়ার্ড বিভক্তিকরণ এবং সীমানা নির্ধারণ বিষয়ে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে ৩১ জুলাইয়ের মধ্যে তা লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে দাখিল করতে অনুরোধ করে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।নবগঠিত সিটি করপোরেশনের ওয়ার্ড শুরু হয়েছে সিদ্ধিরগঞ্জ থেকে। সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্ব অংশ মিজমিজি বাতানপাড়াকে ১ নম্বর ওয়ার্ড করা হয়েছে। সদ্য বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডকে সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। একইভাবে একই পৌরসভার ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডকে সংরক্ষিত মহিলা ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডকে ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এ পৌরসভার সংরক্ষিত তিনটি মহিলা ওয়ার্ডকে ৪ থেকে ৬ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আর সদ্য বিলুপ্ত বন্দর উপজেলার কদমরসূল পৌরসভার নয়টি ওয়ার্ডকে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ পৌর এলাকার তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে ৭ থেকে ৯ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।