রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের নাট্যকলা শাখার এমএ চূড়ান্ত পরীক্ষার ২৭টি খাতার মূল্যায়ন দীর্ঘ ছয় মাসেও শেষ হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, নাট্যকলা শাখার ২০০৯ সালের এমএ চূড়ান্ত পরীক্ষা শেষ হয় ৮ জুলাই। ওই পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন মোট নয়জন। প্রত্যেক পরীক্ষার্থীর তিনটি করে তত্ত্বীয় কোর্স মিলে এই নয়জন পরীক্ষার্থীর সর্বমোট খাতার (উত্তরপত্র) সংখ্যা ২৭। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর ছয় মাসেও এই ২৭টি খাতার মূল্যায়ন সম্পন্ন হয়নি।অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিভাগকে পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এবং প্রত্যেক শিক্ষক খাতা দেখার জন্য অনধিক এক মাস সময় পাবেন। পরীক্ষা কমিটির সভাপতি আবদুল হালিম প্রামাণিক বলেন, ইতিমধ্যে ওই পরীক্ষার ফলাফল প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। ফলাফল প্রকাশে বিলম্বের কারণ সম্পর্কে কলা অনুষদের ডিন এবং নাট্যকলা ও সংগীত বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহীদুল্লাহ ভালো বলতে পারবেন।