২৭টি লঞ্চের চলাচলে নিষেধাজ্ঞা
কর্মক্ষমতা (ফিটনেস) না থাকাসহ নানা ত্রুটির কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথের ২৭টি লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত শনিবার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নিষেধাজ্ঞার ফলে বর্তমানে এ নৌপথে ৫৪টি লঞ্চ চলাচল করছে।
গত ৪ আগস্ট মাওয়ায় পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চ তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। এ দুর্ঘটনার পর মাওয়া-কাওড়াকান্দি ঘাটে লঞ্চ চলাচলের ওপর নজরদারি শুরু হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে পিনাক-৬-এর অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করা হয়। একই সঙ্গে লঞ্চের জরিপ ও নকশায় ত্রুটি ছিল বলে প্রতিবেদনে বলা হয়।
বিআইডব্লিউটিএ জানায়, চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা লঞ্চগুলোর মধ্যে রয়েছে এমএল বোরহান কবির, এমএল সিয়াম-সিজান, এমএল শ্রেষ্ঠ, এমএল শিবচর, এমএল জহির, এমএল হানজালা, প্রিন্স অব পদ্মা, এমএল রাকিব, এমএল শাহীন ছাড়া আরও ১৮টি। উত্তাল নদীতে এসব লঞ্চ চলাচল একদম অনুপযোগী। ঈদের আগে মাওয়াঘাট-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় ঈদের কয়েক দিন আগে লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে না পারে, সে জন্য পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষণ (মনিটরিং) কমিটি গঠন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবেন, নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ ছাড়াও বিজিবি মোতায়েন করা হবে।