২৭টি হরিণ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক দুটি খামার থেকে ২৭টি হরিণ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অবৈধভাবে বন্য প্রাণী সংরক্ষণের অভিযোগে খামার-মালিক ইমদাদুল ইসলাম ও মাসুম শেখকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকেলে র্যাব-১১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা (তালতলা) গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইমদাদুল ইসলাম-এর মালিকানাধীন নূরজাহান কটন মিল লিমিটেড-সংলগ্ন একটি ঘর থেকে চারটি বড় হরিণ এবং দুটি হরিণের বাচ্চা উদ্ধার করা হয়। অন্যদিকে মাসুম শেখের বাড়ি থেকে আরও ১৫টি বড় হরিণ এবং ছয়টি হরিণের বাচ্চা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ২৭টি হরিণ গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠান। ইমদাদুল ইসলামকে দেড় লাখ টাকা ও মাসুম শেখকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।