রংপুর সিটি করপোরেশনে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগ পাওয়া ২৭২ জন কর্মচারী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না।
এ বিষয়ে মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, আগের মেয়র অনিয়মতান্ত্রিকভাবে এসব নিয়োগ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মচারীদের নিয়োগ অবৈধ বলে তিনি মন্তব্য করেন। তবে তাঁদের মধ্যে যাঁদের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের চাকরিতে পুনর্বহাল করার চিন্তাভাবনা আছে।
সাবেক মেয়র এ কে এম আব্দুর রউফ প্রায় দেড় মাস ধরে সস্ত্রীক কানাডায় অবস্থান করায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
জানা যায়, রংপুর পৌরসভা থাকাকালে আট বছরে এ কে এম আব্দুর রউফ পৌর কার্যালয়ের স্বাস্থ্য, আলো, পানি, কর আদায়, কর নির্ধারণ, নিবন্ধন, পরিষ্কার-পরিচ্ছন্ন, শিক্ষা, প্রকৌশলী, যান্ত্রিক, হাটবাজার এবং লাইসেন্সসহ বিভিন্ন শাখায় ২৭২ জনকে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগ দেন। এসব কর্মচারীর পেছনে প্রতি মাসে গড়ে ১০ লাখ টাকা দেওয়া হতো। কিন্তু সিটি করপোরেশনের নির্বাচিত নতুন মেয়র যোগদানের পর গত ফেব্রুয়ারি থেকে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ করে দেওয়া হয়।
ভুক্তভোগী কর্মচারীদের মধ্যে পরিচ্ছন্নতা শাখার আনছার হোসেন বলেন, ‘দুই বছর থেকে কাজ করে আসছি। হঠাৎ করে জানলাম যে আমাদের কারও চাকরি নেই।’