২৭৩ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিনেট। গতকাল শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট সভায় ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৭৩ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিনেট সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা। সভায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২২১ কোটি ৬ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।

কামরুল হুদা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল ৪২৫ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় নির্ধারিত সীমার মধ্যে বাজেটের ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে এ বছর শিক্ষক ও ছাত্রছাত্রী গবেষণা খাতে গত বছরের তুলনায় পাঁচ গুণ বরাদ্দ বাড়ানো হয়েছে।

সিনেট সূত্রে জানা গেছে, গত বছরের বাজেটে শিক্ষক ও ছাত্রছাত্রীদের গবেষণা খাতে বরাদ্দ ছিল ১০ লাখ টাকা। এবার এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। বরাবরের মতোই শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় বরাদ্দ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। টাকার অঙ্কে তা ১৮৫ কোটি ৩০ লাখ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া গেছে ২৫৭ কোটি ১০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ১৬ কোটি ৭০ লাখ টাকা।

এবারের বাজেটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ভাতার জন্য ৫২ কোটি টাকা; শিক্ষা ও আনুষঙ্গিক খাতে ১৪ কোটি ৮০ লাখ টাকা; সরবরাহ ও সেবা (সাধারণ) খাতে ১৬ কোটি ৭৬ লাখ টাকা; মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ২ কোটি ২৪ লাখ টাকা আর মূলধন মঞ্জুরি (সম্পদ সংগ্রহ ও ক্রয়) খাতে ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গতকালের সিনেট সভায় উপস্থিত ছিলেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল, সংরক্ষিত নারী আসনের ওয়াসিকা আয়শা খান, সহ-উপাচার্য শিরীন আখতার, ডিন কমিটির আহ্বায়ক সিকান্দর চৌধুরী, সিনেটে শিক্ষক প্রতিনিধি সুলতান আহমদ প্রমুখ।