২৭৩টি অডিট আপত্তি আজও নিষ্পত্তি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লোপাটসহ তিন শতাধিক অডিট আপত্তির মধ্যে ২৭৩টির এখনো নিষ্পত্তি হয়নি। জেলা পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বার্ষিক হিসাব নিরীক্ষায় নানা অনিয়ম ধরা পড়ায় এসব অডিট আপত্তি হয়। অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ১৬ মে জেলা পরিষদের মাসিক সভায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত পরিষদের অডিট আপত্তির সংখ্যা ৩৩৮। এর মধ্যে ৬৫টি নিষ্পত্তি হয়েছে, বাকি ২৭৩টি অডিট আপত্তির নিষ্পত্তি হয়নি। এগুলোর মধ্যে রয়েছে টোলকেন্দ্রের ইজারাদারকে অর্থ মওকুফ, অতিরিক্ত জ্বালানি ব্যবহার, উন্নয়নমূলক কাজের জন্য ঠিকাদারকে অতিরিক্ত অর্থ প্রদান, আয়কর ও ভ্যাট কম রাখা ইত্যাদি।সূত্র মতে, ২০০২-২০০৩ অর্থবছরে পরিষদের থোক বরাদ্দ থেকে দেড় লাখ টাকা ব্যয়ে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে কবাখালী কিন্ডারগার্টেন স্কুল পুনর্নির্মাণ করা হয়। আবার একই প্রকল্পের নামে ২০০৩-২০০৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে কবাখালী কিন্ডারগার্টেন স্কুল নির্মাণের নামে দুই লাখ ৩৩ হাজার টাকা চেকের মাধ্যমে দেওয়া হয় (চেক নম্বর ৫০৩৩৪১৩)। মাটিরাঙা উপজেলার বনশ্রী কিন্ডারগার্টেন স্কুল টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষদের অর্থায়নে নির্মাণ করা হলেও ২০০৩-২০০৪ অর্থবছরে একই স্কুলভবন নির্মাণের নামে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দুই দফায় নয় লাখ ৪১ হাজার ৭৫০ টাকা চেকের মাধ্যমে দেওয়া হয় (চেক নম্বর ৯১৭৯৯৭১ ও ৯৬১৬০৮৩)। এ দুটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ প্রদানের বিষয়ে ২০০৩-২০০৪ অর্থবছরে অডিট আপত্তি করা হয়। গত ৭ ফেব্রুয়ারি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার এ দুটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে অতিরিক্ত ব্যয় করা অর্থ জেলা পরিষদের তহবিলে জমা দিতে বলেছেন।কবাখালী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, ‘আমার স্কুল ভবনটি হয়েছিল টেন্ডারের মাধ্যমে। কিন্তু কে, কখন, কীভাবে এ বিদ্যালয়ের নামে টাকা উত্তোলন করেছেন তা আমি জানি না। চিঠি পাওয়ার পর জানলাম। খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) তরুণ কান্তি ঘোষ তিন শতাধিক অডিট আপত্তির সত্যতা স্বীকার করে বলেন, ‘এগুলো নিষ্পত্তি করার জন্য শিগগির একটি ত্রিপক্ষীয় সভা হবে। ওই সভা থেকে দ্রুত অডিট আপত্তিগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’