টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজারের আটটি উপজেলার ২৭৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে গেছে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, গতকাল রোববার বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় গ্রামগুলো থেকে পানি কমতে শুরু করেছে। তিনি বলেন, পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ঘরবাড়ি বিলীন হয়ে কারও যাতে প্রাণহানি না ঘটে, সে জন্য লোকজনকে সমতলে সরিয়ে আনা হচ্ছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত শনিবারের তুলনায় গতকাল জেলায় বৃষ্টিপাত কম হয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার পানি কমে যাচ্ছে। তিনি বলেন, গভীর সাগরে সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টির প্রভাবে কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, ভারী বর্ষণের কারণে গতকাল সকাল থেকে শহরের বাজারঘাটা, বড়বাজার, গোলদীঘিরপাড়, বৌদ্ধমন্দির সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সদর উপজেলার বাংলাবাজার, পিএমখালী, চান্দেরপাড়া, এসএমপাড়া, কলাতলী, নাজিরারটেক, ফদনারডেইল, সমিতিপাড়া, হাজিপাড়াসহ ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার বলেন, বাঁকখালী নদীর পানি উপচে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল, ক্যাজবিল, মাঝিরঘাট; কাউয়ারকোপ ইউনিয়নের মনিরঝিল, গাছুয়াপাড়া; ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল, মেরংলোয়া, অফিসেরচরসহ ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, পাউবোর ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ার ও বৃষ্টির পানিতে শাহপরীর দ্বীপ, পশ্চিমপাড়া, মাঝরপাড়া, কাটাবুনিয়াসহ অন্তত ৪৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ১১ ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, পেকুয়া উপজেলায় ২১, উখিয়ায় ৩০, কুতুবদিয়ায় ৩৮ ও মহেশখালীতে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে পানিবন্দী রয়েছে প্রায় এক লাখ মানুষ।