২৮ অক্টোবর জাতীয় কমিটির ঢাকা-সুনেত্র লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে সুনেত্র গ্যাসক্ষেত্র পর্যন্ত লংমার্চ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ৩১ অক্টোবর শেষ হবে এই লংমার্চ।বাপেক্সের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, পিএসসি-২০১১ প্রক্রিয়া বন্ধ এবং ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় কমিটি এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছে।কর্মসূচিতে বলা হয়, ২৮ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব থেকে লংমার্চ শুরু হবে। লংমার্চ চলাকালে কমিটি ২৮ অক্টোবর বিকেলে গাজীপুরে, ২৯ অক্টোবর বিকেলে ময়মনসিংহে, ৩০ অক্টোবর বিকেলে নেত্রকোনায় এবং ৩১ অক্টোবর সুনেত্র গ্যাসক্ষেত্র এলাকার বাদশাগঞ্জে জনসভা করবে। এ ছাড়া লংমার্চ চলাকালে পথে পথে সভা, গান, নাটক, প্রদর্শনী ও মিছিল হবে। পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুনেত্র প্রকল্পের জন্য বাপেক্স যে প্রস্তাব জমা দিয়েছে, তাতে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ শেষ করতে ব্যয় হবে ২৭৯ কোটি টাকা। একই কাজ সিলেটের বিবিয়ানায় করতে গিয়ে মার্কিন কোম্পানি শেভরন ব্যয় দেখিয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। অথচ বাপেক্সের প্রকল্প এখনো পুঁজির অভাবের অজুহাত দিয়ে পুরোপুরি অনুমোদন দেওয়া হয়নি। কনোকোফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তিকে দেশবিরোধী আখ্যায়িত করে আনু মুহাম্মদ বলেন, কনোকোফিলিপস বছরে ব্যয় করবে দুই কোটি ২০ লাখ ডলার বা ১৬৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার এক বছরের বিলাসিতা ও গাড়ি কেনার বরাদ্দ বাতিল করলেই এ টাকা পাওয়া সম্ভব। কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, বিদেশের কাছে গ্যাসক্ষেত্র তুলে দেওয়ার ব্যাপারে সরকার ও বিরোধী দল একজোট। কিছু রাজনীতিক এবং আমলা বিদেশি শক্তির স্বার্থরক্ষায় ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমান সরকার গত দুই বছরে খনিজ সম্পদ নিয়ে যা করেছে, তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তিনি বলেন, বাপেক্সকে কাজে না লাগানো জাতির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।