বাংলাদেশের ‘সমুদ্রজয়ে’ অবদানের জন্য ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অথবা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ গণসংবর্ধনার আয়োজন করা হতে পারে।সমুদ্রজয় উদ্যাপনে গঠিত জাতীয় নাগরিক কমিটি এ সংবর্ধনার আয়োজন করেছে। গতকাল রোববার রূপসী বাংলা হোটেলে কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী সভাপতিত্ব করেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সংবর্ধনার স্থান ঠিক করবেন।এ ছাড়া বিশাল এই অর্জনকে তুলে ধরতে ৮ থেকে ১০ এপ্রিল তামাবিল থেকে সুন্দরবন পর্যন্ত এবং ২১ থেকে ২৪ এপ্রিল বাংলাবান্ধা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সমুদ্রজয়ের আনন্দ অভিযাত্রা করবে নাগরিক কমিটি।নাগরিক কমিটির গতকালের সভায় সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে একটা বড় বিজয় অর্জন করেছে বাংলাদেশ। এটাকে মহৎ বিজয় আখ্যায়িত করে তিনি এই বিজয়ের সঙ্গে সরকারের অন্যান্য বিজয়কে জনগণের সামনে তুলে ধরার ওপর জোর দেন।নাগরিক কমিটির কো-চেয়ারম্যান ও সংগঠনের মুখপাত্র অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ২৮ এপ্রিলের সংবর্ধনা এক দিনেই শেষ হবে না, এটা সামনের নির্বাচন পর্যন্ত চলতে থাকবে।গতকালের সভায় নাগরিক কমিটির ৫০১ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, শিল্পী মুস্তাফা মনোয়ার, আইনজীবী আমীর-উল ইসলাম, আনিসুল হক, কবি বেলাল চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য্য, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা বিচারপতি মেজবাহউদ্দিন, সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান, রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা, সাংবাদিক আবেদ খান ও শ্যামল দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, আতাউর রহমান, লায়লা হাসান, পান্না কায়সার, গোলাম কুদ্দুছ, মোর্শেদূল ইসলাম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ফকির আলমগীর, শমী কায়সার প্রমুখ।