২৮ এপ্রিল বিএনপির বিক্ষোভ, ৪ মে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা

২৮ এপ্রিল সারা দেশে উপজেলা, জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ৪ মে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে গণ-অনশন কর্মসূচি পালন করবে তারা।
আজ শনিবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা, গুম, খুনের ঘটনা ও আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যতে নির্বাচন থেকে দূরে রাখতে নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার নীলনকশা তৈরি করছে। গত কয়েক দিনে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।