২৮ এসআইকে পুনর্বহালের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত জোট সরকারের আমলে চাকরিচ্যুত (বাধ্যতামূলক অবসর) পুলিশের ২৮ জন উপপরিদর্শককে (এসআই) চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী সালাহউদ্দিন দোলন শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী ওমর ফারুক ও আফসানা রশিদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।জানা যায়, ২০০৩ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৮ জন উপপরিদর্শককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে চাকরিচ্যুত উপপরিদর্শক মো. শাহ আলম, সতেন্দ্র কুমার দাস ও আবদুল হাই গত বছর পৃথক রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৪ ও ২৬ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত গতকাল রায় দেন।