কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আজ বুধবার প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২৬ জন সাধারণ কাউন্সিলর, ২ জন সংরক্ষিত কাউন্সিলরসহ মোট ২৮ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০১১ সালের ১০ জুলাই সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। ৩০ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ২ মার্চ মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই ২ জনের মধ্যে একজন হাইকোর্টের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে এখন পর্যন্ত তিনি তাঁদের কাছে কাগজপত্র জমা দেননি। ফলে গতকাল পর্যন্ত মেয়র পদে প্রার্থীর সংখ্যা ৩ জন। সাধারণ কাউন্সিলর পদে নগরের ২৭টি ওয়ার্ডে ১৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন ও ৩ জন বাছাইয়ে বাদ পড়েন। সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে ১১৪ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে প্রত্যাহার করেন ২ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী এখন ৪০ জন।
এদিকে আজ বুধবার সকালে কুমিল্লা টাউন হলে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের সময় সেখানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মো. মনিরুল হক সাক্কু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরিন আক্তারসহ কাউন্সিলর প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশিদ গত রোববার হাইকোর্ট থেকে তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আদালতের আদেশ জমা দেবেন। এরপর তিনি প্রতীক বরাদ্দ নেবেন। নির্বাচনে তিনি দোয়াত-কলম প্রতীক চেয়েছেন। এ প্রসঙ্গে মামুনুর রশিদ বলেন, ‘নির্বাচনে আমি অংশ নিচ্ছি।’
রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। আচরণবিধি ভঙ্গ করলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাইক ব্যবহারের ক্ষেত্রে প্রার্থীদের সময় মেনে চলতে হবে।