২৮ কিলোমিটার সংস্কার হয় না ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়ক বেহাল হয়ে​ পড়েছে। ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। নড়াইল-ফুলতলা সড়কের বীড়গ্রাম এলাকা থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়ক বেহাল হয়ে​ পড়েছে। ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। নড়াইল-ফুলতলা সড়কের বীড়গ্রাম এলাকা থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

পিচ-খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়ে হেলেদুলে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। এ অবস্থা নড়াইল-ফুলতলা সড়কের। ফলে এ সড়কে প্রতিদিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-গোবরা-ফুলতলা সড়কটির দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। এর ২৬ কিলোমিটার নড়াইল সওজের অধীনে। বাকি ২ কিলোমিটার খুলনার ফুলতলা উপজেলায় পড়েছে, যা খুলনা সওজের অধীনে।
সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, এই ২৮ কিলোমিটার সড়ক প্রায় ১০ বছর ধরে সংস্কার হয় না। চার-পাঁচ বছর ধরে ফাইল চালাচালি হচ্ছে। সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয় থেকে কর্মকর্তা এসেছিলেন। সড়কটি সংস্কারের জন্য ১১৩ কোটি টাকার প্রকল্প তৈরি হয়েছে। এ প্রকল্পের মধ্যে ভৈরব নদের সিকিরহাটে ফেরিও হবে। এবার মনে হয় বরাদ্দ হবে। তিনি বলেন, সড়কটির ৫ কিলোমিটার অংশ মোটামুটি ভালো। বাকি ২৩ কিলোমিটার খুবই খারাপ।
সড়কের নড়াইল-গোবরা ৭ কিলোমিটার অংশ ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর যশোরের নওয়াপাড়ায় যাওয়া যায়। এতে নড়াইল-নওয়াপাড়া যাতায়াতে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা কম ঘুরতে হয়। আর নড়াইল-গোবরা-ফুলতলা সড়ক দিয়ে নড়াইল থেকে ফুলতলা ও খুলনা যাতায়াতে প্রায় ২০ কিলোমিটার পথ কমে।
এই সড়কের আশপাশে গোবরা মহিলা কলেজ, গোবরা মিত্র মহাবিদ্যালয়, মির্জাপুর ডিগ্রি কলেজ, পার্বতী বিদ্যাপীঠ, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, সিঙ্গা-শোলপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়সহ অন্তত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
গোবরা, মির্জাপুর, রুখালী ও চাকই এই এলাকার বড় বড় বাজার। এসব বাজারে পণ্য পরিবহনে প্রতিনিয়ত ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সড়কের মির্জাপুর থেকে রুখালী পর্যন্ত ২ কিলোমিটার এবং চাকই থেকে শুভরাড়া পর্যন্ত ৩ কিলোমিটার অংশ মোটামুটি চলাচলের উপযোগী। বাকি ২৩ কিলোমিটার সড়কে পিচ ও খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এ অংশে যানবাহন চলছে হেলেদুলে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চালাতে হচ্ছে ধীরগতিতে। গোবরা বাসস্ট্যান্ডের সময় নিয়ন্ত্রক (স্টাটার) মইন মিনা বলেন, নড়াইল থেকে গোবরা পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক বাসে পার হতে ১০ মিনিট সময় লাগার কথা। সেখানে প্রায় ৪৫ মিনিট সময় লাগে।
সড়কের নড়াইল পৌরসভার মাছিমদিয়া, বেতবাড়িয়া, ধোপাখোলা, ও উজিরপুর এলাকার অবস্থা খুব খারাপ। ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরা। জায়গায় জায়গায় পিচ-খোয়া উঠে গেছে। শুধু যানবাহন নয়, পথচারীদের চলাফেরায়ও অসুবিধা হচ্ছে। প্রায় একই অবস্থা দেখা গেছে সড়কের কলোড়া, বীড়গ্রাম, গোবরা, বরকুলা, আড়পাড়া, মির্জাপুর ও চাকই এলাকায়।