অগ্রণী কমার্স অ্যান্ড ফাইন্যান্স এসসিএম লিমিটেড নামের একটি সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা নারায়ণগঞ্জে চারটি শাখা খুলে কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ২৮ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ কয়েক শ গ্রাহক গতকাল মঙ্গলবার সোনারগাঁ উপজেলার কাঁচপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তাঁরা ওই কার্যালয়ের শাখা ব্যবস্থাপক আয়নাল হোসেনকে পিটিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেন। ভুক্তভোগী গ্রাহকেরা এ ব্যাপারে গতকাল স্থানীয় সাংসদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। গ্রাহকেরা জানান, বছর পাঁচেক আগে কাঁচপুরের ভাই ভাই মার্কেটের তৃতীয় তলায় প্রধান কার্যালয় এবং সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও রূপগঞ্জ উপজেলার গাউছিয়ায় শাখা খুলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ার কাজী এরশাদ হোসেন ও তাঁর ছয়জন সহযোগী। আবদুল মালেক, আমির হোসেন, মাজেদাসহ বেশ কয়েকজন গ্রাহক জানান, ব্যাংকের চেয়ে বেশি মুনাফা পাওয়ার আশ্বাসে তাঁরা প্রতিষ্ঠানটিতে এককালীন জমা এবং দৈনিক ভিত্তিতে টাকা সঞ্চয় করেন। তাঁদের ভাষ্যমতে, প্রতিষ্ঠানের কাঁচপুর শাখা থেকে প্রায় দেড় হাজার গ্রাহকের ১০ কোটি টাকা, মোগরাপাড়া শাখা থেকে ৫০০ গ্রাহকের পাঁচ কোটি টাকা, শিমরাইল শাখা থেকে এক হাজার গ্রাহকের আট কোটি টাকা, গাউছিয়ায় ৭০০ গ্রাহকের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকাসহ মোট ২৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এরশাদ ও তাঁর সহযোগীরা। গ্রাহকেরা জানান, গত সোমবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ ও অপর তিনটি কার্যালয়ে তালা মেরে কর্মকর্তা-কর্মচারীরা উধাও হয়ে যান। খবর পেয়ে গ্রাহকেরা গতকাল প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাচ্ছেন না। অগ্রণী কমার্স অ্যান্ড ফাইন্যান্স লিমিডেটের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রতারণার শিকার গ্রাহকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’