২৮ কোম্পানির কয়েকটি ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন) বা স্টেরয়েড বা হরমোনজাতীয় বা ক্যানসার প্রতিরোধক ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ বহাল রয়েছে। এ বিষয়ে ইতিপূর্বে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দেশনাসহ রায় দেন।
নির্দেশনায় রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র ছাড়া ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড, অ্যান্টিক্যানসার ও হরমোনজাতীয় ওষুধ উৎপাদন করা যাবে না বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।
কমিটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির গঠন করা বিশেষজ্ঞ কমিটির একজন প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন প্রতিনিধি ও ওষুধ প্রশাসনের একজন প্রতিনিধি থাকবেন। কোনো কোম্পানি জিএমপি (সার্টিফিকেট অব গুড ম্যানুফেক্টরি প্র্যাকটিস) নীতিমালার শর্ত মেনে উৎপাদনে আসতে চেয়ে আবেদন করলে, সেই আবেদন যাচাই-বাছাই করার ক্ষমতা দেওয়া হয়েছে কমিটিকে। ওই নীতিমালা সঠিকভাবে অনুসরণ করার সক্ষমতার বিষয়ে কমিটি মতামত দিলে কর্তৃপক্ষ তাদের উৎপাদনের বিষয়টি বিবেচনা করবে বলে জানান মনজিল মোরসেদ।
বিশেষজ্ঞ কমিটির মূল্যায়ন ও সুপারিশ বাস্তবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে আসা রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল রায় দেওয়া হয়। বিষয়টি চলমান তদারকিতে থাকবে বলেছেন আদালত।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। কয়েকটি ওষুধ কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ফিদা এম কামাল, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন, রমজান আলী শিকদার, রাগীব রউফ চৌধুরী ও মোশতাক আহমেদ চৌধুরী।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, জিএমপি নীতিমালা অনুসরণ না করায় হাইকোর্ট ২৮টি কোম্পানির ওই সব ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ বহাল রেখেছেন। তাদের ওষুধ উৎপাদন ও বিক্রি করতে হলে আদালতের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র নিতে হবে।
২৮ কোম্পানি
ওই ২৮ কোম্পানি হলো অ্যামিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাজটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেড, বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডিসেন্ট ফার্মা লিমিটেড, ডা. টিমস ল্যাবরেটরিজ লিমিটেড, গ্লোবেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্রীনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনোভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ম্যাকস ড্রাগস লিমিটেড, মেডিমেট ল্যাবরেটরিজ লিমিটেড, মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিসটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল ল্যাবরেটরিজ লিমিটেড, অর্গানিক হেলথকেয়ার লিমিটেড, ওয়েস্টার ফার্মা লিমিটেড, প্রিমিয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রাইম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সীমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মমতাজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনাইটেড ক্যামিকেলস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেডের ইউনিট-১, ইউনিট-২ ও ইউনিট-৩।