২৮ ঘণ্টা পর প্রার্থীর হিসাব দিল ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পার হওয়ার ২৮ ঘণ্টা পর নির্বাচন কমিশন সারা দেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর চূড়ান্ত হিসাব দিতে সক্ষম হয়েছে। সারা দেশে ২৩৫টি পৌরসভায় মেয়র পদে ১ হাজার ২২৩ জন এবং কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৩ হাজার ৬৮৯ জন।
গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৩৫টি পৌরসভায় সাধারণ কাউন্সিলরের পদ ২ হাজার ২১১টি এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদ ৭৩৭টি। মনোনয়নপত্র জমা পড়ার হিসাব অনুযায়ী, প্রতিটি মেয়র পদের বিপরীতে গড়ে ৫ দশমিক ২০ জন প্রার্থী হয়েছেন। কাউন্সিলরের প্রতি পদের বিপরীতে প্রার্থী ৪ দশমিক ৪৩ এবং নারী কাউন্সিলরের প্রতি পদের বিপরীতে প্রার্থী ৩ দশমিক ৬২ জন।
হিসাব চূড়ান্ত করতে দীর্ঘ সময় লাগার বিষয়ে খোঁজখবর করতে গিয়ে জানা গেছে, এই কাজে যে ১৯ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের বেশির ভাগ গতকাল বিকেল পর্যন্ত কমিশন সচিবালয়ে উপস্থিত ছিলেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আনা সিএমএস (প্রার্থী ব্যবস্থাপনা পদ্ধতি) সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা।
কমিশন সচিবালয় অতীতে সনাতন পদ্ধতিতে কাজ করে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের কয়েক ঘণ্টার মধ্যে সারা দেশের প্রার্থীর হিসাব চূড়ান্ত করত। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয় বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। অতীতের দৃষ্টান্ত থেকে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ধারণা করেছিলেন, রাত ১১টার মধ্যে মোট প্রার্থীর হিসাব পাওয়া যাবে। কিন্তু তা হলো না।
কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী গতকাল বিকেলে কমিশন সচিবালয়ে আসেন। তার আগে উপসচিব শামসুল আলম টেলিফোন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাসা থেকে ডেকে আনেন।
কমিশনের ১৪১ কোটি টাকার নির্বাচন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সিএমএস ও আরএমএস (ফলাফল ব্যবস্থা পদ্ধতি) নামের দুটি সফটওয়্যার তৈরি করা হয়। বলা হয়েছিল, এ দুটি সফটওয়্যারের মাধ্যমে দ্রুত যেকোনো নির্বাচনের প্রার্থীদের তথ্য ও ফলাফল দেওয়া সম্ভব হবে। কিন্তু বাস্তবে এবার তা হলো না। গতকাল কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা ক্ষোভের সঙ্গে বলেন, অতীতের সব নির্বাচনে মুখে মুখে হিসাব করে কয়েক ঘণ্টার মধ্যে সারা দেশের তথ্য দেওয়া হয়েছে। এবার তা হলো না। তাহলে এত টাকার সফটওয়্যার দিয়ে কী কাজ হলো?
জানতে চাইলে উপসচিব শামসুল আলম বলেন, এ বিষয়ে কমিশন সচিবালয়ের আইটি শাখা ভালো বলতে পারবে। তবে আইটি শাখার কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

পৌরসভা ২৩৫টি  মেয়র প্রার্থী ১২২৩  কাউন্সিলর প্রার্থী ৯৭৯৮  সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ২৬৬৮