২৮ ঘণ্টা পর মৌমাছির হাত থেকে রেহাই
অবশেষে দীর্ঘ ২৮ ঘণ্টা পর মৌমাছির চাকটি আগুনে পুড়িয়ে দেওয়া হলো। গত রোববার বিকেল থেকে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরে শুরু হয় মৌমাছি আর কোরাল পাখির খেলা। এ খেলার ফল ভোগ করে এলাকার প্রায় শতাধিক মানুষ। মৌমাছির আক্রমণে উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুরের ব্যাঙচোরা ও খানাকান্দি গ্রামের শিশু, নারীসহ শতাধিক মানুষ ও বেশ কিছু গবাদিপশু আহত হয়। সোমবার সন্ধ্যায় মৌচাকটি আগুনে পোড়ানোর পর আনন্দে গ্রামে মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়।গত সোমবার দুপুরে বাহাদুরপুরে সরেজমিনে দেখা গেছে, মৌমাছির আক্রমণের ভয়ে গ্রাম দুটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে।এলাকাবাসী জানান, রোববার বিকেলে বাহাদুরপুর বাজারসংলগ্ন পাকা রাস্তার পাশের একটি আমগাছে মৌমাছির চাকে একটি কোরাল পাখি ঠোকর মারে। এতে মৌমাছিরা ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষকে আক্রমণ করতে থাকে। কিছুক্ষণ পরপর কোরাল পাখি মৌচাকে ঠোকর দেয় আর ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে এসে মানুষকে আক্রমণ করে। শুধু মানুষই নয়, মৌমাছির দল গরু, ছাগল ও কুকুরের গায়েও হুল ফোটানো শুরু করে। এতে দুই গ্রামের শতাধিক মানুষ আহত হয়। তাদের মধ্যে খানাকান্দি গ্রামের হাছান (১৮) ও মহসিনকে (২৫) শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অবশেষে ২৮ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় কয়েকজন মিলে বাঁশের মাথায় আগুন ধরিয়ে মৌচাকটি পুড়িয়ে দেন। পরে তাঁরা দুই গ্রামের বিভিন্ন বাড়ি থেকে টাকা উঠিয়ে মিষ্টি খাওয়ান।গ্রাম্য চিকিৎসক সৈয়দ মনির হোসেন জানান, গত দুই দিনে শতাধিক মানুষকে মৌমাছি হুল ফুটিয়েছে। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।