দীর্ঘদিন ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসকের মধ্যে ২১ জন নেই। আর ১৪ জন সেবিকার মধ্যে ১৩ জনই নেই। ফলে চিকিৎসক ও সেবিকাসংকটে স্থানীয় লোকজন প্রতিনিয়ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালের জুনে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করা হয়। পরে ৫০ শয্যা হাসপাতালের জন্য প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। তবে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করলেও সে অনুপাতে চিকিৎসক, সেবিকাসহ কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে ৫০ শয্যা হাসপাতালের ভবনটি পাঁচ বছর ধরে চালু করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে শত শত রোগীর দীর্ঘ লাইন। কিন্তু এদের চিকিৎসাসেবা দিচ্ছেন আশিস দে নামের একজন চিকিৎসক। আর অন্তর্বিভাগে রোগী দেখছেন মোহামঞ্চদ নিজাম উদ্দিন নামের আরেকজন চিকিৎসক। বাকি চারজন চিকিৎসক ছুটিতে আছেন। ফলে দুজন চিকিৎসক নিয়ে হাসপাতাল চালাতে গিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা নুর মোহামঞ্চদ ও নুরুল আলম বলেন, কয়েক যুগ ধরে হাসপাতালে চিকিৎসক ও সেবিকাসংকট লেগেই আছে। কিন্তু চিকিৎসক নিয়োগ দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। হাসপাতালে দেখা হয় হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বাসিন্দা মরিয়ম খাতুনের সঙ্গে। তিনি বলেন, হাসপাতালে মহিলাদের জন্য কোনো মাতৃত্বসেবা নেই। এ কারণে মাতৃত্বসেবা নিতে গিয়ে এই এলাকার মহিলাদের জীবনের ঝুঁকি নিয়ে সাত কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যেতে হচ্ছে।চিকিৎসা কর্মকর্তা মোহামঞ্চদ নিজাম উদ্দিন বলেন, দুর্গম দ্বীপ এলাকার পাশাপাশি এ এলাকার যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এখানে চিকিৎসকেরা বেশি দিন থাকতে চান না। এতে এখানে চিকিৎসক দেওয়া হলেও পরে তাঁরা তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, ইতিমধ্যে চিকিৎসক ও সেবিকা নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার করেও কোনো কাজ হয়নি।