২৮ জেলে অপহরণ ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন সাগর থেকে ১৬টি মাছধরা ট্রলারে লুটপাট শেষে একটি ট্রলার ছিনতাই ও ২৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাটের শরণখোলার নারিকেলবাড়িয়া উপকূল এলাকায় এ ঘটনা ঘটে। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, অপহূতদের মুক্তিপণ হিসেবে জলদস্যুরা ১৫ লাখ টাকা দাবি করেছে।জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জেলে ইউনুস জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জলদস্যুরা এফবি বিসমিল্লাহ, এফবি মায়ের দোয়া, এফবি অনিক, এফবি আলেয়া, এফবি রাজু ও এফবি মিজানসহ ১৬টি মাছধরা ট্রলারে হামলা চালায়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারে থাকা জাল, মাছ ও জ্বালানিসহ অন্য মালামাল লুট করে। পরে তারা ২৮ জেলেকে এফবি বিসমিল্লাহ নামের ট্রলারে তুলে সুন্দরবনের গহিন এলাকায় নিয়ে যায়। বাকি জেলেদের তারা ছেড়ে দেয়। যাওয়ার আগে জলদস্যুরা জানায়, ১৫ লাখ টাকা, কয়েক বস্তা চাল, সিগারেট, আপেল, এনার্জি ড্রিঙ্ক ও বোতলজাত পানি না দিলে অপহূতদের ছাড়া হবে না। অপহূতদের মধ্যে হাবিব, সহিদ, ইউনুস, হারুন, আলতাফ ও কাশেমের নাম জানা গেছে। জেলেরা আরও জানান, ওই জলদস্যুরা জুলফিকার বাহিনীর সদস্য বলে তাঁরা জানতে পেরেছেন। পাথরঘাটা উপজেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, অপহূতদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তিনি বলেন, ঈদ সামনে রেখে সুন্দরবনের আশপাশের জলদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট হাসানুজ্জামান বলেন, ডাকাতি ও অপহরণের বিষয়ে এখনো কেউ তাঁকে কিছু জানায়নি। তিনি বলেন, সত্যিই জেলেরা অপহূত হয়ে থাকলে তাঁরা তাঁদের উদ্ধার করার চেষ্টা চালাবেন।