২৮ টাকার অনুভূতিনাশক ইনজেকশন ৩০০ টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অনুভূতিনাশক ইনজেকশনের কৃত্রিম সংকট সৃষ্টি করে ২৮ টাকা ৫০ পয়সা দামের প্রতিটি ইনজেকশন বিভিন্ন ওষুধের দোকানে ৩০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এতে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে মানুষের ভিড়। জানা গেল, ভেতরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি বটতলী গ্রামের আবদুল হাকিমের অস্ত্রোপচার হচ্ছে। বাইরে তাঁর বড় ভাই আবদুল মতিন চিৎকার করে চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলছেন। জানা গেল, দুর্ঘটনায় আহত হাকিমের পায়ের একটি আঙুল ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসক অনুভূতিনাশক ইনজেকশন ছাড়াই সেখানে সেলাই দেওয়ার চেষ্টা করলে মতিন বেঁকে বসেন। মতিন বলেন, ‘পা অবশ করার পর সেলাই দেন।’ চিকিৎসক এ সময় তাঁকে বলেন, অনুভূতিনাশক ইনজেকশন এখানে বরাদ্দ নেই। পারলে কিনে আনেন। তিনি (মতিন) দ্রুত ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রাসেল ফার্মেসি থেকে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুভূতিনাশক ইনজেকশন ‘জেসোকেইন’ কিনেন। ইনজেকশনটির গায়ে দাম লেখা রয়েছে ২৮ টাকা ৫০ পয়সা। কিন্তু দোকানি তাঁর কাছ থেকে দাম নেন ৩০০ টাকা।
মতিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে অবশ করা ইনজেকশন থাকবে না কেন? আর বাজারে ২৮ টাকা দামের ইনজেকশন ৩০০ টাকা নেবে কেন? এটা কি মগের মুল্লুক?’ এরপর রাসেল ফার্মেসির স্বত্বাধিকারী রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে চড়া দামে অনুভূতিনাশক ইনজেকশন বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এর আগে ওই ইনজেকশন বিক্রি হয়েছে এক হাজার থেকে দেড় হাজার টাকায়। কারণ, বাজারে সরবরাহ কম। ইনজেকশনটি কিনতে হয়েছে ২০০ টাকার বেশি দিয়ে। আপনি ওই রোগীর লোককে আমার কাছে পাঠান। কিছু টাকা ফিরিয়ে দিচ্ছি।’ পরে মতিন বলেন, ওই ওষুধের দোকানি তাঁকে ১০০ টাকা ফিরিয়ে দিয়েছেন।
রামনাথপুর গ্রামের চাকরিজীবী ইদ্রিস আলী বলেন, ১৫ দিন আগে তিনি ওই ইনজেকশন ৭০০ টাকায় কিনেছেন। লোহানিয়াপাড়া গ্রামের কৃষক শমসের আলী বলেন, কিছুদিন আগে তিনি ওই ইনজেকশন ৭৫০ টাকায় কিনেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে থাকা স্বাধীন ফার্মেসির মালিক আবু সাঈদ বলেন, ‘সাড়ে ২৮ টাকার ওই ইনজেকশন ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে আমাদের বিবেক দংশন করে। কিন্তু করার কিছু নেই। ওই অনুভূতিনাশক ইনজেকশন কিনতে গেলে বাধ্যতামূলকভাবে জেসন কোম্পানির ১ হাজার ৫০০ টাকার অন্য ওষুধ কিনতে হয়। ইনজেকশন ছাড়া অন্য ওষুধ চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে লেখেন না। মূলত ওই ইনজেকশনের দাম সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট সৈয়দা শাহনাজ নাসরুল্লাহ বলেন, জেসোকেইন স্থানীয়ভাবে কার্যকরী অনুভূতিনাশক ইনজেকশন। কিন্তু বাজারে ইনজেকশনটি সঠিক দামে পাচ্ছেন না রোগীরা।
বদরগঞ্জ বাজারের রহমান ফার্মেসি ও ঘোষ ফার্মেসিতে খোঁজ নিয়ে ওই ইনজেকশনটি পাওয়া যায়নি। রহমান ফার্মেসির স্বত্বাধিকারী ও উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছার রহমান বলেন, ‘জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুভূতিনাশক ইনজেকশন রয়েছে। তবে রেজাল্ট ভালো জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেসোকেইন ইনজেকশনটির। কোম্পানির প্রতিনিধির কাছে ইনজেকশনটি নিতে গেলে দাম বেশি ধরে পাশাপাশি কোম্পানিটির যেসব ওষুধ চলে না, সেই ওষুধ নিতে বাধ্য করেন। তাই ইনজেকশনটি নিই না।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রংপুরের প্রতিনিধি সামসুজ্জোহা গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাজারে অনুভূতিনাশক ইনজেকশন সরবরাহ নেই। দাম তো বেশি হবেই।’