২৮ নভেম্বর ঢাকায় ১৮ দলের জনসভা
২৮ নভেম্বর ঢাকায় জনসভা করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এ কথা জানান। তিনি প্রথম আলোকে বলেন, ওই জনসভা থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে রাত পৌনে নয়টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দলের স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৮ নভেম্বরের জনসভা ছাড়াও বুদ্ধিজীবী হত্যা ও বিজয় দিবস উপলক্ষে আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি এবং ১৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের সিদ্ধান্ত হয়েছে।বিএনপির সূত্র জানায়, নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবিতে পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে হরতাল, অবরোধ ও ঘেরাওয়ের মতো কর্মসূচিরও প্রস্তাব আসে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আজ বুধবার ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে কর্মসূচি নিয়ে আবার আলোচনা হবে। গত রাতে স্থায়ী কমিটির এ বৈঠকে জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ না দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। এ ছাড়া কেরানীগঞ্জে শিশু পরাগ অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। তারেক রহমান সম্পর্কে স্থায়ী কমিটির এক সদস্যের সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে আলোচনা তোলেন কেউ কেউ।বৈঠকে জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি।