২৮ প্রকল্পের উদ্বোধনে কাল প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরে আসছেন। বিকেলে স্থানীয় গোর-এ শহীদ বড় ময়দানে আওয়ামী লীগ জেলা কমিটি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে বর্তমান সরকারের আমলে বাস্তবায়ন হওয়া ২৮টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং আটটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার বেলা একটায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে দিনাজপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা আড়াইটায় তিনি বড় ময়দানে হেলিপ্যাডে নেমে দিনাজপুর সার্কিট হাউসে যাবেন। সেখানে দুপুরের খাবার শেষে বেলা দুইটা ৫৬ মিনিটে গোর-এ শহীদ বড় ময়দানে জনসভা মঞ্চের পাশে প্রকল্প উদ্বোধন মঞ্চে আসবেন। এখান বোতাম টিপে তিনি কাজ শেষ হওয়া ২৮টি এবং নতুন কাজ শুরু করতে আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। বেলা সোয়া তিনটার দিকে জনসভা মঞ্চে প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর দিনাজপুর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দিনাজপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এবং গার্ড রেজিমেন্টের সদস্যরা ইতিমধ্যেই দিনাজপুরে এসে পৌঁছেছেন। তাঁদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটি আয়োজিত জনসভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর বিভাগের আট জেলার মহাজোট নেতারা বক্তব্য দেবেন।

দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম প্রথম আলো ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে তিনি জানান।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শহরের প্রতিটি প্রবেশমুখ থেকে শুরু করে জনসভাস্থল পর্যন্ত রাস্তাগুলোতে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। জনসভাস্থলের চারদিকের রাস্তাগুলো সাজানো হয়েছে হাজার হাজার ডিজিটাল ফেস্টুন দিয়ে। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাংসদ ইকবালুর রহিমের ছবিসংবলিত শত শত ডিজিটাল ব্যানার ও ফেস্টুনে পুরো শহর ছেয়ে গেছে।