যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় পদ্মা সেতুর নকশা পরিবর্তন করা হবে। ২৮ ফেব্রুয়ারি পদ্মা তীর রক্ষা কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত নকশা ও পদ্মা সেতু নির্মাণ প্যাকেজ ঘোষণা করবেন। গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফুট ওভার ব্রিজ নির্মাণকাজ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কারণে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ৩০টি প্রকল্পের কাজেও কোনো ব্যাঘাত ঘটবে না। তিনি বলেন, আগামী অক্টোবরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এ কাজে অর্থায়ন করবে এডিবি। সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে যোগাযোগ সচিব এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।