২৮ ফেব্রুয়ারি বিএফইউজের মহাসমাবেশ
২৮ ফেব্রুয়ারি ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ জাতীয় প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচির ডাক দিয়েছে।এ কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য সম্পর্কে গত রোববার বিএফইউজের নির্বাহী কমিটির সভায় বলা হয়, শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সংবাদপত্র ও সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে। আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আসিফ নজরুল ও পিয়াস করিমের চামড়া তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমার দেশ, সংগ্রাম, দিনকাল ও নয়া দিগন্ত পত্রিকার কপি দেশের বিভিন্ন স্থানে পোড়ানো হচ্ছে। সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন ও প্রকৃত খুনিদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হয়েছে। সভায় আরও বলা হয়, ফ্যাসিবাদ রুখে দেওয়ার জন্য ২৮ ফেব্রুয়ারি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় বিএফইউজের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন পিছিয়ে যথাক্রমে আগামী ২৯ ও ৩০ জুন নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব শওকত মাহমুদ। বিজ্ঞপ্তি।