২৮ ফেব্রুয়ারির মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে উভয় পক্ষকে আইনি যুক্তি উপস্থাপন শেষ করতে বলেছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ সময়সীমা বেঁধে দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
এই বেঞ্চে পিলখানা হত্যা মামলায় ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি শুরু হয় ২০১৫ সালের ১৮ জানুয়ারি। গতকাল ৩৫৬তম দিনের মতো (কার্যদিবস) শুনানি হয়।
জানতে চাইলে ডেপুটি অ্যার্টনি জেনারেল কে এম জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, মামলাটি শুনানির শেষপর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষ আইনি যুক্তি উপস্থাপন করেছে। এখন আসামিপক্ষ আইনি যুক্তি উপস্থাপন করছে। এরপর রাষ্ট্রপক্ষ প্রতি-উত্তর দেবে। যুক্তির্তক উপস্থাপনকালে গতকাল আদালত উভয় পক্ষকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আইনি যুক্তি উপস্থাপন শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ চলাকালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। বিচার হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন অস্থায়ী এজলাসে। ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন।
রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (প্রয়াত), স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেওয়া হয়।
রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এ ছাড়া বিভিন্ন সময়ে আসামিরা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করেন। এর মধ্যে ৬৯ জনকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গুরুত্বপূর্ণ এ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্ট বিশেষ উদ্যোগ নেন। ২০১৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দেন।