সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে প্রায় ২৮ বছর আগে একটি রিট আবেদন করা হয়েছিল। ২৩ বছর পর ওই আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দেন। ২৭ মার্চ ওই রুলের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।
বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ গতকাল সোমবার এই দিন ধার্য করেন। গতকাল এই বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আসে। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, পরে আসেন এম আমীর-উল ইসলাম।
১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংবিধানে ২ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে।
ওই সময় স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে রাষ্ট্রধর্মের ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন দেশের ১৫ জন বরেণ্য ব্যক্তি। তাঁদের মধ্যে ১০ জন মারা গেছেন। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, বিচারপতি কে এম সোবহান, কবি সুফিয়া কামাল, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক কবীর চৌধুরী, শিল্পী কলিম শরাফী, অধ্যাপক মোশাররফ হোসেন ও সাংবাদিক ফয়েজ আহমদ। আবেদনকারীদের মধ্যে জীবিত পাঁচজন হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সেক্টর কমান্ডার সি আর দত্ত, বদরুদ্দীন উমর, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও অধ্যাপক আনিসুজ্জামান।
শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা আশা করেছিলাম যে এই মামলার শুনানি হয়তো আগেই হবে। আমাদের নিজেদের থেকেও একটু গাফিলতি ছিল। এটা নিয়ে কত দূর এগোনো যাবে—এটা নিয়ে আমাদের দ্বিধা ছিল। এখন যে আবার হচ্ছে এতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। আমাদের আবেদনকারীদের অনেকেই নেই।...আমাদের আশা ছিল যে রাষ্ট্রধর্ম প্রবর্তন সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বলে বিবেচিত হবে। আমি মনে করি, রাষ্ট্রধর্ম দিয়ে দেশের মানুষকে বিভক্ত করা হয়েছে।’
রিট আবেদনের ২৩ বছর পর ২০১১ সালের ৮ জুন হাইকোর্ট বেঞ্চ রুল দেন। ওই দিনই অ্যামিকাস কিউরি হিসেবে ১৪ জন জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন ড. এম জহির ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মারা গেছেন।
পরে ১৪ জন অ্যামিকাস কিউরি নিয়োগের আদেশটি প্রত্যাহার করে আদালত ২৭ মার্চ শুনানির জন্য দিন নির্ধারণ করেন।